আইএসের দায় স্বীকার পুলিশের নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিষ্টান হোসেন আলীকে হত্যার দায় স্বীকার করেছে। আইএসের টুইটার বার্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। সাইটের প্রধান রিটা কাৎজ বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এক টুইটার বার্তায় এ কথা জানান।
আইএসের এই দায় স্বীকারকে নাকচ করে দিয়েছেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, আইএসের দাবি ভিত্তিহীন। এ রকম কোনো হত্যাকাণ্ড ঘটলেই তারা দাবি করে। সরকারকে বিভ্রান্ত করার জন্য তারা এসব করে।
পুলিশ সুপার বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তাঁর কোনো ব্যক্তিগত, পারিবারিক বা জায়গাজমি নিয়ে বিরোধ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ শিগগির বিষয়টি উন্মোচিত করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত মঙ্গলবার সকাল সাতটার দিকে কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় বাড়ির সামনের সড়কে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হোসেন আলীকে (৬৮) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর ছেলে রাহুল আমিন বাদী হয়ে গতকাল বুধবার সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ এ পর্যন্ত¯ সন্দেহভাজন হিসেবে আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁদের মধ্যে তিনজনকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত করছি।
কুড়িগ্রামের খ্রিষ্টান ধর্মযাজক ফোরকান আল মসিহ প্রথম আলোকে বলেন, হোসেন আলীকে হত্যার ঘটনায় যে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে, এ বিষয়ে তাঁর কোনো সন্দেহ নেই। দেশের অন্যান্য এলাকায়ও একইভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি বলেন, হোসেন আলীকে হত্যার পর এখানকার খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখানকার ১২টি পরিবারের সবাইকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে।
এদিকে মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বিকেলে কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সিপিবি-বাসদ। এতে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, বাসদ নেতা মোনাব্বের হোসেন, সিপিবির নেতা আখরুল আলম, আইনজীবী আহসান হাবীব প্রমুখ।
বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে ধর্মান্তরিত খ্রিষ্টান হোসেন আলীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করেছে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি হত্যা ও হামলার দায় স্বীকার করে আইএস। তবে শুরু থেকেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব দাবি জোরালোভাবে নাকচ করে বলা হয়েছে, এ দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। অবশ্য এসব ঘটনার অনেকগুলোতেই দেশীয় জঙ্গি সংগঠন জেএমবি জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।