
দুই বিদেশি নাগরিক খুনের পর দায় স্বীকার করে নেওয়া জঙ্গি গোষ্ঠীগুলোর বিবৃতির সত্যতা আছে কি না, তা খতিয়ে দেখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তদন্ত শুরু করেছে।
গত ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিকপাড়ায় ইতালির নাগরিক সিজার তাবেলা (৫০) হত্যার পর যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট) দায় স্বীকার করেছে বলে বিবৃতি দেয়। সর্বশেষ গত শনিবার রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশি খুন হওয়ার পর আইএস তাদের টুইট বার্তায় এর দায় স্বীকার করে। এরপর গতকাল রোববার ডিবি পুলিশ দুই বিদেশি হত্যার দায় স্বীকার করে দেওয়া বিবৃতি সত্য কি না, তা তদন্তের উদ্যোগ নেয়। এর আগে ব্লগার খুনে আনসার বাংলা নামের জঙ্গি সংগঠনের বিবৃতির সত্যতা কতটুকু তা-ও তদন্ত করছেন ডিবির কর্মকর্তারা। দুই বিদেশির হত্যার দায় স্বীকার করা আইএসের এমন দাবি ইতিমধ্যে নাকচ করে দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, দুই বিদেশি খুনের দায় স্বীকার করে আইএসের দেওয়া বিবৃতির সত্যতা নিরূপণে ডিবি তদন্ত শুরু করেছে।
ডিবির একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমান হত্যার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিম। ডিবি ব্লগার ওয়াশিকুর হত্যার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের তথ্যের ভিত্তিতে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি। তিনি আনসারউল্লাহ বাংলা নামের জঙ্গিগোষ্ঠীর সদস্য বা আনসারুল্লাহ বাংলা টিমেরও সদস্য নন। তবে তিনি একই মতাদর্শে বিশ্বাসী। বর্তমানে ওই ব্যক্তি কারাগারে।
হত্যাকারী শনাক্তের চেষ্টা: পুলিশ সদর দপ্তর ও ডিবির গঠিত তদন্ত কমিটি সমন্বিতভাবে ইতালির নাগরিক সিজার তাবেলার হত্যা মামলার তদন্ত করছে। র্যা ব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনার ছায়া তদন্ত করছে। তদন্ত-সংশ্লিষ্ট চারজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গুলশান এলাকার ১০০ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে হত্যাকারী শনাক্তে কাজ করছে তদন্তকারীরা। এ ছাড়া ঘটনাস্থলের আশপাশে মোবাইল ফোনের টাওয়ার থেকে পেশাদার অপরাধীদের একটি তালিকা তৈরি করেছে ডিবি। ওই তালিকা থেকে সম্ভাব্য খুনিদের শনাক্তের চেষ্টা চলছে। সিজারের ব্যবহৃত জব্দ করা দুটি মোবাইল ফোনের সূত্র ধরে খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।
মামলা তদন্ত তদারক কর্মকর্তা ডিবির ভারপ্রাপ্ত উপকমিশনার (উত্তর) মো. মাহফুজুল ইসলাম ডিবির তদন্ত কমিটির সদস্য। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, সিজারের কর্মস্থলের কর্মকর্তা-কর্মচারীসহ অনেককেই তাঁরা জিজ্ঞাসাবাদ করছেন। তবে হত্যাকারীদের শনাক্ত করার মতো কোনো তথ্য মেলেনি বা এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
গুলশান ও বারিধরায় নিরাপত্তা: গুলশান ও বারিধারার কূটনৈতিকপাড়ায় ২৪ ঘণ্টা নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি, গাড়িতে টহল দেওয়ার পাশাপাশি হেঁটে টহল দিচ্ছে পুলিশ।