আইএসের সঙ্গে এ দেশীয় জঙ্গিদের সম্পৃক্ততা আছে: কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন কেরি।
জন কেরি।

বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলায় জড়িতদের সঙ্গে ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ সোমবার রাজধানীর ইএমকে সেন্টারে নাগরিক সমাজ, তরুণ ও গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের এ কথা জানান জন কেরি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইএমকে সেন্টারে দেওয়া বক্তৃতায় দুই দেশের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এডওয়ার্ড কেনেডির জড়িত থাকার স্মৃতিচারণা করেন। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয়ের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার তাগিদ দেন। সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করতে গিয়ে বিরোধী দলগুলোর কণ্ঠরোধ ও জনসমক্ষে বিতর্ক বন্ধ করার প্রলোভনের ফাঁদে পা না দিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

জন কেরি বলেন, ‘এখন পর্যন্ত সহিংস জঙ্গিবাদ দমনে আমাদের কাছে সবচেয়ে কার্যকর ও বিশ্বাসযোগ্য পন্থা হচ্ছে গণতন্ত্র। সন্ত্রাসীদের পরাভূত করতে হলে আমাদের অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে, যা সন্ত্রাসীরা ঘৃণাভরে অবজ্ঞা করে।’

নাগরিক সমাজের বিকাশের ওপর গুরুত্ব দিয়ে জন কেরি বলেন, ‘আমরা জানি, একটি সমাজের নিরাপত্তা বোধের সঙ্গে সত্যিকারের সমৃদ্ধির বিষয়টি যুক্ত। লোকজন যখন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিজেদের বঞ্চিত ভাবতে শুরু করেন তখন উগ্রপন্থীরা জায়গা করে নেয়। তখন সহিংসতার মুখে অর্থনৈতিক অগ্রযাত্রা অর্জন দুরূহ হয়ে পড়ে।’
সরকারের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানান, সব বিষয় বিশেষ করে সবার অংশগ্রহণে কাজ করার গুরুত্ব, জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সময় গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে।

গুলশানের হলি আর্টিজান বেকারির হামলা বাংলাদেশের সমাজে বিভাজন সৃষ্টি এবং বিশ্বের কাছে অতিথিপরায়ণ জাতি হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন জন কেরি। কয়েক বছর ধরে ধর্মীয় সংখ্যালঘু, বিদেশি, ব্লগার ও নিরাপত্তা কর্মীদের ওপর হামলার কথাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলাগুলো এ দেশে বেড়ে ওঠা জঙ্গিদের কাজ এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সহযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে জন কেরি বলেন, ইরাক ও সিরিয়ায় সক্রিয় আইএসের সঙ্গে বিশ্বের আটটি জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ রয়েছে। এই আটটি জঙ্গি সংগঠনের একটি রয়েছে দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে যে আইএসের জঙ্গিদের যোগাযোগ আছে এ নিয়ে কোনো বিতর্ক নেই। এখানে বেড়ে ওঠা জঙ্গিদের ওপর বাইরের প্রভাবের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে।

আজ সকালে জন কেরি জেনেভা থেকে ঢাকায় আসেন। কয়েক ঘণ্টার সফরের শুরুতে তিনি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন। ওই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন। ওই বৈঠকের পর তিনি ইএমকে সেন্টারে নাগরিক সমাজ, তরুণ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে তাঁর কথা হয়। সন্ধ্যায় ঢাকা ছাড়ার আগে তিনি মার্কিন দূতাবাসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এরপর দুই দিনের সফরে তিনি দিল্লি যান।