
গুলশানের হলি আর্টিজানে হামলায় আইএস জড়িত—জঙ্গিবাদ বিশেষজ্ঞ রোহান গুণারত্নের এই বক্তব্য সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘আইএসের সঙ্গে এ দেশের জঙ্গিদের কোনো যোগাযোগ নাই। “হোম গ্রোন” বা দেশীয় জঙ্গিদের আইএস-অধ্যুষিত এলাকায় গিয়ে প্রশিক্ষণ নেওয়া বা অন্য কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে যোগাযোগ থাকতে পারে।’
ঢাকায় বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল সোমবার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এই সম্মেলন চলছে।
সম্মেলনের প্রথম দিন রোববার সিঙ্গাপুরভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের পরিচালক রোহান গুণারত্নে বলেছিলেন, গুলশানের হলি আর্টিজানে হামলা করেছিল আইএস, জেএমবি নয়। তাদের ‘হোম গ্রোন’ বলা ভুল। হামলাকারীদের পরিচয় সম্পর্কে রাজনৈতিক নেতৃত্ব অসত্য বলেছেন।
এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘রোহান গুণারত্নে পুলিশ কর্মকর্তা বা সেনা কর্মকর্তা নন। তিনি নিরাপত্তা ইস্যু নিয়ে মাঠে কাজ করেন না। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক। তিনি তাঁর মতো করে বলেছেন। এ দেশের প্রেক্ষাপট তাঁর ভালো জানা নেই।’ তিনি বলেন, বাংলাদেশের ‘হোম গ্রোন’ জঙ্গিরা আইএস ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে বা নব্য জেএমবি আইএস ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে। কিন্তু আইএসের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। রোহান যা বলেছেন, তা বাংলাদেশ পুলিশ অনুমোদন করে না।
আইজিপি বলেন, জঙ্গিগোষ্ঠীটির অনেকে তাঁদের হাতে গ্রেপ্তার হয়েছেন। কেউ বলেননি তাঁরা আইএস। অনেকে মারা গেছেন। তাঁদের আত্মীয়স্বজনও বলেননি। সবাই জেএমবির কথাই বলেছেন। তিনি বলেন, ‘এরা কেউ বাংলাদেশ ত্যাগ করে আইএসের সঙ্গে ট্রেনিং নেয়নি। তবে ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে তাদের বিচরণ থাকতে পারে। নেটওয়ার্ক থাকতে পারে। ফেসবুকে থাকতে পারে। সোশ্যাল মিডিয়ায় থাকতে পারে। সেটা তাদের নিজস্ব ব্যাপার।’
দেশীয় জঙ্গিদের ‘আইএস’ বলে চালানো একটা ভিত্তিহীন প্রচারণা বলে উল্লেখ করে আইজিপি বলেন, গুলশানের ঘটনার পর আইএস হামলার দায় স্বীকার করলেও এরপর পুলিশি অভিযানে যাঁরা নিহত হয়েছেন, আইএস তাঁদের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
বাংলাদেশের পুলিশপ্রধানের এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে রোহান গুণারত্নে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের পুলিশ জঙ্গি দমনে খুবই সফল ভূমিকা রেখেছে। কিন্তু কৌশলগত এ যুদ্ধে জয়ী হতে হলে তাদের সত্যটা প্রকাশ করতে হবে। এরা যে আইএস, এটা মেনে নিতে হবে।’