আইএসের হাত থেকে মুক্তির আকুতি
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কবল থেকে বাঁচার আকুতি জানিয়েছেন ‘বাংলাদেশি বংশোদ্ভূত’ একজন ব্রিটিশ নারী। সুখী বেগম নামের এই নারী ইতিমধ্যে তাঁর পাঁচ সন্তানকে নিয়ে আইএসের কবল থেকে পালিয়েছেন। গত রোববার যুক্তরাজ্যের সানডে টাইমস-এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত আল-বাবে শহরে ১০ মাস ধরে বাস করছিলেন সুখী। তাঁর ভাষায়, আইএস ইসলামি কোনো সংগঠন নয়। সন্তানদের নিরাপত্তার কথা ভেবে তিনি যুক্তরাজ্যে ফিরতে চান।
মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও চিত্রের বরাত দিয়ে সানডে টাইমস জানায়, ভিডিও চিত্রে দেখা যায়, সুখী বেগম ‘ফ্রি সিরিয়ান আর্মির’ (এফএসএ) সদস্যের কাছে আকুতি জানাচ্ছেন, যাতে তাঁকে যুক্তরাজ্যে ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরোধী একটি বিদ্রোহী গোষ্ঠী হলো এই এফএসএ। এই গোষ্ঠী আইএসের মতাদর্শেরও বিরোধী।
সুখী দাবি করেন, তাঁর স্বামী মুফতা আল দ্বীন গত বছরের শুরুর দিকে আইএসে যোগ দেন। কয়েক মাস পর স্বামীকে ফিরিয়ে আনতে তিনি সন্তানদের নিয়ে তুরস্ক হয়ে সিরিয়া যান। গত ১০ মাস স্বামীর সঙ্গে আল-বাব শহরে বাস করার সময় তিনি বিদেশি যোদ্ধাদের সন্তানদের ইংরেজি শেখাতেন। সম্প্রতি আল-বাব শহরটি মার্কিন জোটের বিমান হামলার শিকার হলে তিনি চূড়ান্তভাবে আইএস ছেড়ে আসতে মনস্থির করেন।
আইএস ত্যাগের বিষয়ে স্বামীকে রাজি করাতে না পেরে সুখী একদিন ভোর পাঁচটায় সন্তানদের নিয়ে পালিয়ে তুরস্ক সীমান্তবর্তী আজাজ শহরে পৌঁছান। সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে ঢুকতে এফএসএ সদস্যদের সাহায্য কামনা করেন তিনি।
তবে ওই ভিডিওটি কবে ধারণ করা হয়, তা জানা যায়নি। আবার সুখী বেগম তুরস্কে পৌঁছেছেন কি না, তাও নিশ্চিত নয়। সানডে টাইমস বলছে, সীমান্তে কড়াকড়ির কারণে ১৭ দিন চেষ্টা করেও এফএসএ সদস্যরা সুখীর পরিবারকে তুরস্কে পৌঁছে দিতে পারেননি। অন্যদিকে আইএসবিরোধী তুরস্কভিত্তিক সংগঠন ‘আই অন দ্য হোমল্যান্ড’-এর একজন কর্মীর বরাত দিয়ে টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, ওই কর্মী নিজে সুখী ও তাঁর সন্তানদের তুরস্কে পৌঁছাতে সাহায্য করেন।
সুখী বেগম পরিবার নিয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বাস করতেন। তাঁর তিন মেয়ে ও দুই ছেলের বয়স ১ থেকে ১২ বছরের মধ্যে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই পরিবারটির নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁরা অবগত। এ ব্যাপারে তুরস্ক কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করছে।