আইএসের 'সক্রিয় সদস্য' জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের (ইসলামি স্টেট) সক্রিয় সদস্য হিসেবে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামি জামিনে ছাড়া পেয়েছেন। তাঁর নাম কাজী সাইফ উদ্দিন ইয়াহিয়া (৪১)। গত ১৬ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই আসামির জামিন মঞ্জুর করেন। ২০ জানুয়ারি আদালতে জামিননামা দাখিল করে তিনি মুক্তি পান।
তবে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু জানান, এ মামলায় ইয়াহিয়া জামিন পেয়েছেন কি না, সেটা তাঁর জানা নেই।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক নিজাম উদ্দিন বলেন, আসামি ইয়াহিয়া জামিনে ছাড়া পেয়েছেন, তা তিনি জানেন।
মামলার নথিপত্র অনুযায়ী, গত ১৪ নভেম্বর ইয়াহিয়া গ্রেপ্তার হন। তাঁকে ওই বছরের মে মাসে উত্তরা পশ্চিম থানায় দুই ‘আইএসের সদস্যের’ বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড আবেদনে ইয়াহিয়াকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি ও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা বলে উল্লেখ করে পুলিশ।
রিমান্ডে নেওয়ার পাঁচ দিনের মধ্যে ইয়াহিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ইয়াহিয়া বলেন, তিনি তৈরি পোশাকের ব্যবসা করতেন। তিনি প্রবাসী জনৈক সাইফুল্লাহকে ৭৫ হাজার টাকা দিয়েছেন। যে টাকা দিয়ে সাইফুল্লাহ তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়ে শরণার্থীদের খাদ্য কিনে দিয়েছেন।