আইওআরএ সম্মেলনে যোগ দিতে জাকার্তা যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সোমবার তিন দিনের সরকারি সফরে জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকালে জাকার্তার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ৩টায় জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির এবং ইন্দোনেশিয়া সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
প্রধানমন্ত্রী তাঁর সফরের প্রথম দিনে জাকার্তা কনভেনশন সেন্টারে লিডার্স ওয়েলকামিং ডিনারে অংশ নেবেন। কাল মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাকার্তা কনভেনশন সেন্টারের অ্যাসেম্বলি হল-৩-এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি সম্মেলনের ‘অ্যাডাপশন অব দ্য এজেন্ডা অ্যান্ড প্রোগ্রাম অব ওয়ার্ক’বিষয়ক ওপেনিং অধিবেশনে যোগ দেবেন।
উদ্বোধনী অধিবেশনের পর দুটি অধিবেশন অনুষ্ঠিত হবে। একটি সম্মেলনের প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ অধিবেশন এবং অপরটি ‘অ্যাডাপশন অ্যান্ড সাইনিং অব আউটকাম ডকুমেন্ট অব সামিট’। বাংলাদেশের প্রধানমন্ত্রী দুটি অধিবেশনেই যোগ দেবেন।
শেখ হাসিনা ‘স্ট্রেংথিনিং মেরিটাইম কো-অপারেশন ফর এ পিসফুল, স্টেবল অ্যান্ড প্রোপারাস ইন্ডিয়ান ওশান রিম’ শীর্ষক এক সাধারণ ডিবেট অধিবেশনে যোগ দেবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী অনুষ্ঠানের প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে এক মধ্যহ্নভোজে অংশ নেবেন এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।