আইওএনএস শুরু হচ্ছে আজ
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আজ সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী-প্রধান, জ্যেষ্ঠ নৌ-কর্মকর্তা এবং সমুদ্রবিষয়ক বিশেষজ্ঞদের অংশগ্রহণে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস) ২০১৬ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। রাজধানীর একটি হোটেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গত শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ৩২টি রাষ্ট্রের নৌবাহিনী-প্রধান, জ্যেষ্ঠ নৌ-কর্মকর্তা, সমুদ্রবিষয়ক আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাসমূহের প্রধান, সমুদ্রবিষয়ক বিশেষজ্ঞ ও পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত মহাসাগরের উপকূলীয় দেশসমূহের মধ্যকার মেরিটাইম নিরাপত্তা, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও পেশাগত সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে এ অঞ্চলের নৌবাহিনী এবং এই অঞ্চলের সমুদ্রবিষয়ক নিরাপত্তা সংস্থাগুলোর উদ্যোগে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় আইওএনএস। ২০১৪ সালে পার্থে অনুষ্ঠিত সংস্থার চতুর্থ সম্মেলনে সদস্যদেশগুলোর নৌবাহিনী-প্রধানদের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নৌবাহিনী-প্রধান আগামী দুই বছরের জন্য আইওএনএসের পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় সংস্থাটির পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ।