আইওএনএসের চেয়ারম্যান হলেন নৌবাহিনী প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী এবং উপকূলীয় নিরাপত্তা সংস্থার অন্যতম বৃহৎ জোট আইওএনএসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। ঢাকায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত সংস্থাটির পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন ‘আইওএনএস-২০১৬’-তে এ সিদ্ধান্ত হয়। গতকাল বুধবার ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাদের সমাপনী সভা ‘কনক্লেভ অব চিফ’-এর মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলন শুরু হয় গত সোমবার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মেলনের উদ্বোধন করেন।
তিন দিনের এ সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলের ভূ-কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব, এ অঞ্চলের সমুদ্র নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় সদস্য দেশগুলোর করণীয়, ব্লু-ইকোনমির কৌশলগত কাঠামো পরিকল্পনা, সমুদ্র-বাণিজ্য নিরাপত্তার ক্ষেত্রে বহুপক্ষীয় সহযোগিতা, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার তত্পরতায় সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয়, সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনাসহ নানা বিষয়ে আলোচনা হয়। সেখানে দেশি-বিদেশি সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞরা অংশ নেন। বর্তমানে আইওএনএসের অধীনে ২২টি সদস্য দেশ রয়েছে।