আইওএম-প্রধান আজ ঢাকায় আসছেন
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক ল্যাসি সুইং আজ রোববার তিন দিনের সফরে ঢাকায় আসছেন। জনসংখ্যাবিষয়ক একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে তিনি বাংলাদেশ সফর করছেন। আইওএমের ঢাকা দপ্তর গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ল্যাসি সুইং ১২ ও ১৩ মার্চ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠেয় ২০১৫-পরবর্তী জাতিসংঘের উন্নয়ন এজেন্ডার প্রেক্ষাপটে জনসংখ্যার প্রবণতাসংক্রান্ত বৈশ্বিক নেতৃত্বের এক বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া এই সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইওএম-প্রধানের হাতে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ তুলে দেবেন। বাংলাদেশ সরকার ২০১১ সালে আইওএমকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। লিবিয়ায় সহিংসতা শুরুর পর সে দেশ থেকে ৩৬ হাজারের বেশি বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবর্তনে সহায়তার স্বীকৃতিস্বরূপ আইওএমকে এ পদকটি দেওয়া হচ্ছে।তিন দিনের এ সফরের সময় ল্যাসি সুইং অভিবাসন ও মানব পাচার রোধ নিয়ে কর্মরত বিভিন্ন সরকারি সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।