আইওএমের শুভেচ্ছাদূত হলেন মমতাজ
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) শুভেচ্ছাদূত হয়েছেন লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। গানের মাধ্যমে মানুষের হূদয় জয় করা এ শিল্পী এখন থেকে গান গাওয়া কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আলোচনার ফাঁকে শ্রোতাদের নিরাপদ অভিবাসনের তথ্য পৌঁছানোর কাজটি করবেন।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে আইওএম। চুক্তিপত্রে আইওএমের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির দক্ষিণ এশীয় আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা। চুক্তি অনুযায়ী আগামী দুই বছর আইওএমের নিরাপদ অভিবাসন বিষয়ে শুভেচ্ছাদূতের দায়িত্ব পালন করবেন কণ্ঠশিল্পী মমতাজ। রাবাব ফাতিমা বলেন, ‘আইওএম নিরাপদ অভিবাসনের জন্য বিভিন্ন কাজ করছে। এ সংস্থার মূল উদ্দেশ্য হলো, অনিরাপদ অভিবাসন ঠেকানো এবং পাচার প্রতিরোধ করা।’মমতাজ বেগম মানুষের জন্য কিছু একটা করার সুযোগ পাওয়াকে অনেক বড় সম্মান হিসেবে উল্লেখ করেন। নিজ এলাকা মানিকগঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, এ এলাকার অনেক নারী আর্থিক সচ্ছলতার আশায় বিদেশ যাচ্ছেন। এ ছাড়া নারীদের অভিবাসনের খরচ কম হওয়ায় পুরুষেরা নারীদের বিদেশে যাওয়াকে প্রাধান্য দিচ্ছে। অভিবাসনের প্রক্রিয়াটি নিরাপদ করতে প্রচারণার পাশাপাশি জাতীয় সংসদে বিষয়টি উত্থাপনের অঙ্গীকার করেন মমতাজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক দীনা হক বলেন, অভিবাসনকে নিরাপদ করার দায়িত্ব শুধু সরকার বা আইওএমের নয়, এ দায়িত্ব সবাইকে পালন করতে হবে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুন নাহার বলেন, সরকার নিরাপদ অভিবাসনের তথ্য বিভিন্নভাবে পৌঁছানোর চেষ্টা করছে। অনেক সময় নানা সীমাবদ্ধতার কারণে এসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এ কাজটি কণ্ঠশিল্পী মমতাজ বেগম অনেক সহজে করতে পারবেন। এ ছাড়া তিনি এসব কথা বললে জনগণ সহজে গ্রহণও করবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, অনেকে জমিজমা বিক্রি করে বিদেশে যান, কিন্তু পরে ভূমধ্যসাগরে হারিয়ে যান। বিদেশ যাওয়ার আগে বেতন ২০ হাজার টাকার কথা জানে, কিন্তু যাওয়ার পর পায় পাঁচ হাজার টাকা। তাই যেকোনো উপায়ে অনিরাপদ অভিবাসন ও পাচার প্রতিরোধ করতে হবে।