এইডস-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে বিশেষজ্ঞরা বলেছেন, প্রতিবেশী দেশ থেকে অভিবাসন, কয়েকটি জনগোষ্ঠীর মধ্যে অনিরাপদ যৌন আচরণ, দারিদ্র্য এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে বাংলাদেশে এইচআইভি মহামারির ঝুঁকি আছে। তবে বর্তমানে বাংলাদেশে এইচআইভি ও এইডসের প্রকোপ কম।
গতকাল রোববার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে সকালের প্লেনারি অধিবেশনে বিশেষজ্ঞরা এ কথা বলেন। ‘ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (আইক্যাপ) ১২’ নামের তিন দিনের এই সম্মেলন আজ সোমবার ‘ঢাকা ঘোষণা’ গ্রহণ করার মধ্য দিয়ে শেষ হবে। গত শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই সম্মেলনের উদ্বোধন করেন।
গতকাল সকালের প্রথম প্লেনারি অধিবেশনে ভারতের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আনন্দ গ্রোভার বলেন, ওষুধ তৈরির ক্ষেত্রে প্রতিযোগিতা থাকলে দাম কমে। কিন্তু কিছু প্রতিষ্ঠান এ ক্ষেত্রে একচেটিয়া ব্যবসা করছে। এটা অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ এইডস নির্মূলের প্রতিশ্রুতি রক্ষা করা যাবে না। তিনি একটি ওষুধের নাম উল্লেখ করে বলেন, পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম ও ৯৫ শতাংশ আরোগ্য লাভ করা যায় এমন একটি বড়ির দাম এক হাজার মার্কিন ডলার। ১২ সপ্তাহের একটি কোর্সে খরচ ৮৪ হাজার ডলার। আনন্দ গ্রোভার বলেন, আন্তর্জাতিক কিছু নিয়মনীতির কারণে ওষুধ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় আছে।
এই অধিবেশনে ইউএসএআইডি/ডিএফআইডির এনজিও স্বাস্থ্যসেবা প্রকল্পের চিফ অব পার্টি হালিদা এইচ আখতার বলেন, এইচআইভি শুধু একটি রোগ না, এটি সামাজিক সমস্যাও বটে।
শিশুদের এইচআইভি পরীক্ষা ও চিকিৎসা বিষয়ক পৃথক অধিবেশনে বলা হয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৮০ হাজার শিশু এইচআইভি নিয়ে বেঁচে আছে। এদের ৯০ শতাংশের সংক্রমণ ঘটেছে মায়ের কাছ থেকে। দুই দিনে একাধিক অধিবেশনে যৌনকর্মীরা বলেন, তাঁদের পেশাকে ‘ক্রিমিনালাইজ’ করার কারণে এইচআইভি ও এইডসের ঝুঁকি অনেক বেশি।
শনিবার অস্ট্রেলিয়ান সেক্স ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের জুলিয়া কিং চিকিৎসা ও স্বাস্থ্য সাময়িকী ল্যানসেট–এর একটি প্রবন্ধের বরাত দিয়ে বলেন, যৌনকর্মীদের পেশাকে অপরাধমুক্ত (ডিক্রিমিনালাইজ) করা গেলে এইচআইভি ও এইডসের ঝুঁকি বহুগুণে কমে যাবে।