আইজিপিকে কারণ দর্শানোর নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন ও জাতিসংঘ মিশনে কর্মরত পরিদর্শক সোহেল আহমেদকে কেন বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) কারণ দর্শানোর আদেশ দিয়েছেন চাঁদপুরের যুগ্ম জেলা জজ আদালত।

আজ বৃহস্পতিবার কচুয়া উপজেলার গুলবাহার এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের করা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে যুগ্ম জেলা জজ আদালতের বিচারক তৌফিক আজিজ এ আদেশ দেন। রফিকুল উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

আদালতে অভিযোগ করা হয়, পুলিশের ওই দুই কর্মকর্তা কচুয়া থানায় কর্মরত থাকাকালে ২০০৫ সালের ৬ ফেব্রুয়ারি বাদী রফিকুল ইসলামকে চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে আটক করেন। পরে তাঁর হাতে একটি অস্ত্র তুলে দিয়ে মামলা দেওয়া হয়। এতে তিনি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ছাড়া বাদী ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির অভিযোগ করেন।

রফিকুল ইসলাম ওই দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করাসহ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আজ দুপুরে চাঁদপুর আদালতে মামলাটি করেন।

বাদীর আইনজীবী মো. হেলাল উদ্দিন জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং ওই দুই পুলিশ কর্মকর্তাকে কেন বরখাস্ত করা হবে না, এই মর্মে আইজিপিকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।