আইজিপিকে কারণ দর্শানোর নির্দেশ আদালতের
রাজধানীর লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন ও জাতিসংঘ মিশনে কর্মরত পরিদর্শক সোহেল আহমেদকে কেন বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন চাঁদপুরের যুগ্ম জেলা জজ আদালত।
কচুয়া উপজেলার গুলবাহার এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম ওরফে লালুর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার যুগ্ম জেলা জজ আদালতের বিচারক তৌফিক আজিজ এ নির্দেশ দেন। রফিকুল কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আদালতে অভিযোগ করা হয়, পুলিশের ওই দুই কর্মকর্তা কচুয়া থানায় কর্মরত থাকার সময় ২০০৫ সালের ৬ ফেব্রুয়ারি বাদী রফিকুলকে চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে আটক করেন। পরে তাঁর হাতে একটি অস্ত্র তুলে দিয়ে মামলা করা হয়। এতে রফিকুল শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। অভিযোগে বাদী পুলিশের ওই দুই কর্মকর্তার কাছে ৫০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করেন।
বাদী পুলিশের ওই দুই কর্মকর্তাকে বরখাস্তসহ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল চাঁদপুরের আদালতে ওই মামলা করেন।