আইজিপির পদমর্যাদা তিন তারকা জেনারেলের সমান হলো
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, তিন তারকা জেনারেলের সমান পদমর্যাদা পেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এটি তাঁদের বেশ কিছুদিনের দাবি ছিল।গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত আনুষ্ঠানিক সরকারি ঘোষণা জারি করে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গতকাল পুলিশের মহাপরিদর্শকের পদটি ‘সিনিয়র সচিব’ পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। তিনি ৪২ হাজার টাকার স্কেলে বেতন পাবেন। পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান, এ পদটি সেনাবাহিনীর লে. জেনারেলের পদের সমান হবে। আইজিপি এখন থেকে একই ধরনের র্যাংক ব্যাজ পরবেন।সম্প্রতি প্রধানমন্ত্রী আইজিপির পদটি তিন তারকা জেনারেলের সমমর্যাদায় উন্নীত করার ঘোষণা দেন। তবে আইজিপির পদমর্যাদা বৃদ্ধির আগেই প্রশাসনের আটজন সচিব ‘সিনিয়র সচিব’ পদে উন্নীত হন। কাছাকাছি সময়ে প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও আইজিপির পদমর্যাদা উন্নীতকরণে বিলম্বের অভিযোগ করে পুলিশ প্রশাসন ক্ষোভ প্রকাশ করে আসছিল।