আইজির পদমর্যাদার আদেশে ‘বিলম্ব’, পুলিশে ক্ষোভ
প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পরও পুলিশের মহাপরিদর্শক (আইজি) পদের পদমর্যাদা এখনো উন্নীত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের মহাপরিদর্শকের পদটি সেনাবাহিনীর তিন তারকা জেনারেলের (লেফটেন্যান্ট জেনারেল) সমান পদমর্যাদার করার দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ বিষয়ে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রায় একই সময় নতুন পদ হিসেবে জ্যেষ্ঠ সচিব সৃষ্টিরও অনুমোদন দেওয়া হয়। পুলিশপ্রধানের পদের মর্যাদা বৃদ্ধির বিষয়ে গতকাল বুধবার পর্যন্ত সরকারি আদেশ জারি করা হয়নি। তবে ৯ জানুয়ারিই সচিবদের একধাপ ওপরে ‘সিনিয়র (জ্যেষ্ঠ) সচিব’ নামে জনপ্রশাসনে আটটি নতুন পদ সৃষ্টি করে একই দিনে পদায়ন করা হয়।পুলিশের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জনপ্রশাসনের কর্মকর্তারা মনে হয় ইচ্ছে করেই আদেশ জারি করতে দেরি করছেন। তাঁরা হয়তো ভাবছেন, একটু দেরি করলে তাঁদের জ্যেষ্ঠ সচিবদের চেয়ে পুলিশের মহাপরিদর্শক কনিষ্ঠ হবেন। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিআইডির প্রধান (পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক) মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পরও এখনো এটা না হওয়া পুলিশের জন্য অস্বস্তিকর ও বেদনাদায়ক।’ জনপ্রশাসনের একটি সূত্র জানিয়েছে, পুলিশ বাহিনী নিয়ন্ত্রণকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বর্তমানে সচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি ‘জ্যেষ্ঠ সচিব’ নন। সে ক্ষেত্রে মন্ত্রণালয়ের সচিবের চেয়ে অধীন পুলিশপ্রধানের পদটি একধাপ ওপরে করা হলে কাজে সমস্যার সৃষ্টি হতে পারে। এ বিষয়টি মাথায় রেখেই আগানো হচ্ছে।জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘এটি একটি প্রক্রিয়ার বিষয়। এই প্রক্রিয়াটি একটু পরে শুরু হওয়ায় কিছুটা দেরি হচ্ছে। আশা করছি, দুয়েক দিনের মধ্যেই এর সমাধান হয়ে যাবে।’