আইটি খাতে ২ লাখ দক্ষ কর্মী তৈরি করবে ইয়াং বাংলা
দেশের আইটি খাতে ২০১৮ সালের মধ্যে দুই লাখের বেশি দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নিয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ইয়ুথ প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। তাদের নেওয়া হবে সারা দেশের ২০০১টি স্কুল ও কলেজ থেকে। তাদের তৈরি করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইয়াং বাংলার ২৪ হাজার স্বেচ্ছাসেবককে।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। ঢাকা সিটি করপোরেশনের অধীনে ২০টি স্কুল ও কলেজের একজন করে ইয়াং বাংলা ল্যাব কো-অর্ডিনেটর ও একজন করে আইটি শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন। এই প্রশিক্ষকদের প্রশিক্ষণ চলবে এ বছরের জুন পর্যন্ত।
নির্বাচিত ২০০১টি স্কুল ও কলেজে শেখ রাসেলের নামে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এসব ল্যাব পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সিআরআই ও আইসিটি ডিভিশনের মধ্যে গত অক্টোবরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি।