আইটিএফে নাবিকদের অভিযোগ ৪৫ লাখ টাকা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরে আটক বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বঙ্গ বিরাজের’ ২৩ জন নাবিকের বকেয়া বেতন-ভাতা এবং তাঁদের দেশে পাঠাতে প্রায় ৪৫ লাখ টাকা দাবি করা হয়েছে। নাবিকদের যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইটিএফের (আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশন) মালয়েশিয়া কার্যালয়ে গত ১৮ জুন এ দাবি জানানোর পাশাপাশি অভিযোগ দেওয়া হয়। বঙ্গ বিরাজ জাহাজের মালিক বাংলাদেশি এইচআরসি শিপিং। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার এই দাবির ব্যাপারে শুনানি হবে। শুনানিতে অংশ নিতে জাহাজের মালিক বা তাঁর প্রতিনিধিকে আইটিএফের মালয়েশিয়া কার্যালয়ে ডাকা হয়েছে। এইচআরসি শিপিংয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা খন্দকার সিরাজ উদ্দিন আহমেদ শুনানি অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমাদের মালয়েশিয়া অফিস বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছে।’এমভি বঙ্গ বিরাজ গত ৪ মে থেকে পোর্ট কেলাং বন্দরে আটক আছে। বেতন-ভাতা এবং পর্যাপ্ত খাওয়ার না পাওয়ায় জাহাজের ২৩ জন বাংলাদেশি নাবিক মানবেতর জীবন যাপন করছেন। কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়ায় তাঁরা দেশেও ফিরতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় জাহাজের নাবিকদের পক্ষে ছয়জন বাদী হয়ে আইটিএফে অভিযোগ দেন। তাঁরা হলেন জাহাজের দ্বিতীয় প্রকৌশলী মো. হাবিবুর রহমান, তৃতীয় প্রকৌশলী নজরুল ইসলাম, তড়িৎ প্রকৌশলী আবু নাছের, জুনিয়র প্রকৌশলী মো. শফিউল্লাহ, তৃতীয় কর্মকর্তা শহীদুল ইসলাম এবং জুনিয়র কর্মকর্তা মো. রিয়াজুল হাসান।শফিউল্লাহ মালয়েশিয়া থেকে মোবাইল ফোনে গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের দুঃখ-দুর্দশা ও কষ্টের সময় মালিকপক্ষের কাউকে না পেয়ে বাধ্য হয়ে আমরা আইটিএফে অভিযোগ দিয়েছি।’