আইটিতে উন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ দক্ষ জনশক্তির অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বাংলাদেশের আরও উন্নয়নের পথে দক্ষ জনশক্তির অভাবকেই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গত বৃহস্পতিবার জার্মানিতে সিইবিআইটি পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সেন্টার ফর অফিস অটোমেশন, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড টেলিকমিউনিকেশন (সিইবিআইটি) প্রদর্শনীতে যোগ দিতে সজীব ওয়াজেদ জয় জার্মানির হ্যানোভারে গেছেন।
সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, দক্ষ জনশক্তির অভাবে বাংলাদেশ প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত আইটির শ্রমশক্তি গড়ে তুলতে পারছে না। সরকার এ সমস্যা সমাধানে আগামী তিন বছরে ৭৫ হাজার আইটি পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
বহুল আলোচিত হ্যাকিং ইস্যু সম্পর্কে জয় বলেন, বাংলাদেশে সংগঠিত হ্যাকিংয়ের সুনির্দিষ্ট সংখ্যা বলা কঠিন। তবে ক্যাসপারস্কি গ্রুপের মতে হ্যাকারদের টার্গেটের মধ্যে বাংলাদেশের অবস্থান ১ নম্বরে। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের দ্রুত ডিজিটালাইজেশনের কারণেই এটি ঘটেছে। আমরা সরকারি সেবাসমূহকে ডিজিটালাইজ করছি। আমাদের আইটি সিস্টেমের অধিকাংশই এখনো ভার্সন-১-এ রয়েছে। হ্যাকারদের প্রতিরোধে আমরা আমাদের সিস্টেমকে ভার্সন-২-এ হালনাগাদ করছি।’
জয় আরও বলেন, ‘বাংলাদেশের ইন্টারনেট যোগাযোগব্যবস্থা খুবই খারাপ। আন্তর্জাতিক যোগাযোগ একমাত্র সাবমেরিন কেব্লের ওপর নির্ভরশীল। কোনো কারণে এটি কাটা পড়লে সারা দেশ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা শিগগিরই এই যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ করব।’