আইটিপিইসির সদস্যপদ পাচ্ছে বাংলাদেশ
জাপানের ইনফরমেশন টেকনোলজি প্রফেশনাল এক্সামিনেশন কাউন্সিলের (আইটিপিইসি) সদস্যপদ পেতে যাচ্ছে বাংলাদেশ। কাল সোমবার এ বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি সই হবে।
কাউন্সিলের সদস্যপদ পাওয়ার ফলে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী ও স্নাতকদের জ্ঞান ও দক্ষতার স্থানীয় মান পরিমাপের ব্যবস্থা হলো।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
মন্ত্রী বলেন, জাপানের সঙ্গে একটি চুক্তির মধ্য দিয়ে আইটিপিইসির সদস্যপদ লাভ করবে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এখন থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল দেশে নিয়মিত আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই) আয়োজন করবে। এ পরীক্ষার মাধ্যমে দেশের কম্পিউটার সায়েন্স এবং তথ্যপ্রযুক্তি খাতের অন্যান্য বিষয়ে ডিগ্রি নেওয়া শিক্ষার্থী ও পেশাজীবীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদগ্রহণের সুযোগ পাবেন। এর ফলে কম্পিউটার প্রকৌশলীদের জাপানসহ এশিয়ার ১২টি দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এসব দেশে তাঁদের সনদের স্বীকৃতি থাকবে।
বর্তমানে জাপান, ভারত, চীন, মিয়ানমার, মালয়েশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, কোরিয়া, ফিলিপিনস, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মঙ্গোলিয়ায় এ সনদ স্বীকৃত।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আইটিইই পরীক্ষার মাধ্যমে কম্পিউটারবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা একই মানদণ্ডে বিচার করা সম্ভব হবে। একই সঙ্গে দেশে উচ্চ মানসম্পন্ন কম্পিউটার প্রকৌশলীদের সরবরাহ করা নিশ্চিত হবে এবং আইসিটি শিল্পে বিদেশি বিনিয়োগ উত্সাহিত হবে।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, একই বিভাগের সচিব নজরুল খানসহ মন্ত্রণালয় ও কম্পিউটার কাউন্সিলের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।