আইটিসিএলের সেই চেয়ারম্যান সিরাজী জামিনে মুক্ত
অবৈধভাবে আমানত সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার হওয়া ইসলামিক ট্রেড অ্যান্ড কমার্স লিমিটেডের (আইটিসিএল) চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী জামিনে মুক্তি পেয়েছেন। সর্বশেষ দুটি মামলায় বিচারিক হাকিম আদালত থেকে জামিন লাভের পর গত বৃহস্পতিবার টাঙ্গাইল কারাগার থেকে তিনি মুক্তি পান। সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সিরাজি আমানত সংগ্রহ শুরু করেন। পরে তিনি আইটিসিএলের নামেও এ কার্যক্রমের বিস্তার ঘটান।এসডিএস-আইটিসিএলের ক্ষতিগ্রস্ত গ্রাহক সমিতির নেতারা অভিযোগ করেন, উচ্চ সুদ দেওয়ার লোভ দেখিয়ে এসডিএস ও আইটিসিএল হাজার হাজার মানুষের কাছ থেকে অবৈধভাবে আমানত সংগ্রহ করে। ২০০০ সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান দুটির কার্যক্রমকে অবৈধ উল্লেখ করে বন্ধ করে দেয়। এরপর প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী ও মহাসচিব আনোয়ার হোসেন খান আত্মগোপন করেন। ২০০২ সালের ১৫ জুলাই ইসমাইল হোসেন সিরাজীকে গ্রেপ্তার করা হয়। ২০০৩ সালের ১ মে মহাসচিব আনোয়ার হোসেন খান ঢাকা থেকে গ্রেপ্তার হন। প্রায় দুই হাজার আমানতকারী তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইলের বিভিন্ন থানায় অভিযোগ করেন। এগুলোর মধ্যে ৫০টি অভিযোগ মামলা হিসেবে নেওয়া হয়। ২০০৮ সালের ২৫ জুন টাঙ্গাইল জেলা ও দায়রা জজ চৌধুরী মুনীর উদ্দীন মাহফুজ ওই মামলাগুলোয় ইসমাইল হোসেন সিরাজী ও আনোয়ার হোসেন খানের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করে দেন। আনোয়ার হোসেন খান আদালত থেকে জামিনে মুক্তি পেলেও সিরাজী ছাড়া পাননি। সিরাজীর জামিনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই আরও দুজন আমানতকারী আলীম চাকলাদার ও আলমগীর হোসেন মামলা করেন।টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি আকবর আলী খান জানান, আলীম চাকলাদারের মামলায় গত বুধবার এবং আলমগীর হোসেনের মামলায় বৃহস্পতিবার সিরাজী জামিন পান। এর আগে টাঙ্গাইলের কারাধ্যক্ষের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর একটি অঙ্গীকারনামা পাঠান সিরাজী। এতে তিনি অঙ্গীকার করেন, জামিনে মুক্তি পেলে তিনি আদালতের নির্দেশনা মেনে চলবেন। এ ছাড়া এসডিএসের গ্রাহকদের পাওনা এর সম্পত্তি বিক্রি করে পরিশোধ করবেন।