আইডিপি নেতা সালাম আবার আট দিনের পুলিশ রিমান্ডে
হরকাতুল জিহাদের (হুজি) সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির (আইডিপি) আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালামকে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মতিঝিল থানায় সন্ত্রাস দমন আইনের মামলায় গতকাল মঙ্গলবার তাঁর রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সোমবার জঙ্গি নেতা সালামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। গতকাল রিমান্ড আবেদনের ওপর শুনানিতে পুলিশের উপপরিদর্শক এ হক আদালতকে বলেন, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য সংগ্রহ এবং জঙ্গি তত্পরতার অভিযোগে গত ২ নভেম্বর আবু মোতালেব ওরফে মতু ওরফে মজনু নামে লস্কর-ই-তাইয়েবার এক জঙ্গিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। এরপর মোতালেব আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জঙ্গি তত্পরতায় আবদুস সালামের নাম প্রকাশ করেন।