আইডিয়াল স্কুলে নির্যাতনে আদালতের বিস্ময় প্রকাশ
শিক্ষার্থীদের শারীরিক শাস্তি তথা নির্যাতন বন্ধে সরকারি নির্দেশের পরও মতিঝিল আইডিয়ালের মতো নামী বিদ্যালয়ে ছাত্র ‘নির্যাতনের’ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন উচ্চ আদালত।আইডিয়াল স্কুলের ১৬ শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার অভিযোগ তদন্ত করে শিক্ষাসচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। এ ছাড়া পূর্ব ঘোষণা ছাড়াই পরিদর্শকদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আদালত ওই আদেশ দেন। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১৬ শিক্ষার্থীকে বিভিন্নভাবে শারীরিক শাস্তি দেওয়া হয়েছে মর্মে ২৭ ও ২৮ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ব্লাস্ট ও আসক হাইকোর্টে রিট করে। আগামী ১৪ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।