মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখায় ৯৬ জন শিক্ষক কোচিং-বাণিজ্যের সঙ্গে জড়িত বলে চিহ্নিত করেছে অভিভাবক ফোরাম। তাঁদের তালিকা কাল সোমবার শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হবে।৪ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় কোচিং-বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকদের তালিকা তৈরির ঘোষণা দেওয়ার পর গতকাল শনিবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের এক সভায় ওই তালিকা তৈরি করা হয়।সভায় বলা হয়, শিক্ষকদের কোচিং-বাণিজ্যের পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে শ্রেণীকক্ষে যথাযথ পাঠদানে অধিকতর দায়িত্বশীল হয়ে অনৈতিক কোচিং বন্ধ করা উচিত। সভায় ভর্তিতে নেওয়া অতিরিক্ত টাকা অভিভাবকদের ফেরত দেওয়ার দাবি জানানো হয়।ফোরামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলায়েত হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত শুক্রবার থেকে শাহজাহানপুর, বেনজিরবাগান, মোমিনবাগ ও বনশ্রী এলাকায় আইডিয়াল স্কুলের শিক্ষকদের পরিচালিত কোচিং সেন্টারগুলো এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওই সব এলাকায় এখন ছাত্রছাত্রী ও অভিভাবকদের আনাগোনা আর কোলাহল নেই। একজন অভিভাবক জানান, শিক্ষকেরা এখন নানা কৌশলে শিক্ষার্থী ও অভিভাবকদের নিজেদের পক্ষে দাঁড় করানোর পাঁয়তারা করছেন।এ বিষয়ে বক্তব্যের জন্য আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমের মুঠোফোনে চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।