আইডিয়ালে বেতন বাড়ছে, অভিভাবকদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম। গতকাল মঙ্গলবার মতিঝিলে অনুষ্ঠিত এক সভা থেকে এ দাবি জানানো হয়।
ফোরাম চেয়ারম্যান জিয়াউল কবিরের সভাপতিত্বে সভায় সেলিম উদ্দিন, আবদুল আহাদ, আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল দেওয়ার অজুহাতে আগামী অক্টোবর মাস থেকে শিক্ষার্থীপ্রতি ২৫০ টাকা বেতন বাড়ানো হয়েছে। বেতন বৃদ্ধি নিয়ে অভিভাবকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাঁদের দাবি, একই অজুহাতে গত বছরের আগস্ট মাসে শিক্ষার্থীপ্রতি ২০০ টাকা বেতন বাড়ানো হয়েছিল। কিন্তু আন্দোলনের কারণে তা ১০০ টাকা নির্ধারণ করা হয়। অভিভাবকদের অভিযোগ, কিছু শিক্ষক ও কর্মচারীকে অনৈতিকভাবে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের বেতন-ভাতা দিতেই শিক্ষার্থীদের বেতন বাড়ানো হচ্ছে।
সভায় বক্তারা প্রতিষ্ঠানটির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা করে দ্রুত প্রকাশের দাবি জানান।