আইডিয়ালের সাফল্য অব্যাহত
এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯.৯৩ শতাংশ। প্রতিষ্ঠানে তিন শাখার ১ হাজার ৩৬১ জন পরীক্ষার্থীর মধ্যে একজন ছাড়া সবাই পাস করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২১৫ এবং বাণিজ্য বিভাগ থেকে ৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম সাফল্যের বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আলাদা তেমন কারণ নেই। তবে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত সব বইয়ের ফার্স্ট টু লাস্ট শেষ করে দিই। ফলে শিক্ষার্থীদের ধারণক্ষমতা বেড়ে যায়। তা ছাড়া শিক্ষক, মা-বাবা এবং সর্বোপরি শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এমন সাফল্য এসেছে।’ তিনি জানান, প্রতিষ্ঠানটির সাফল্যের ধারা অব্যাহত থাকলেও গত বছরের তুলনায় কমেছে জিপিএ-৫।
এ দিকে বিদ্যালয়ের মূল ফটকে পরীক্ষার ফল টাঙানোর পরই শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে। ইশমাম নামের একজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। এই সাফল্যের জন্য শিক্ষক, মা-বাবা সবাইকে সে ধন্যবাদ জানায়। সাদিয়া নামের আরেক শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫। ভবিষ্যতে সে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় বলে জানায়।
মতিঝিল মডেলও সাফল্য ধরে রেখেছে: মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজও এবার এসএসসিতে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটির দুটি শাখার ১ হাজার ৩৭৯ জন শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে একজন। প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে ৫৩৩ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৩০৭ জন জিপিএ-৫ পেয়েছে।
সাফল্যের বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিনা শামসী বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে প্রতি মাসে সমাবেশ করা হয়। কেউ পিছিয়ে পড়লেও তার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি। নিয়মিত মনিটরিং আমাদের সাফল্যের মূল কারণ।’
মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ে শতভাগ পাস: সাফল্যের ধারা অব্যাহত আছে মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়েও। এখানে ৩৪০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ২৩২ এবং বাণিজ্য বিভাগ থেকে ৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।