আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিভিন্ন কার্যালয়ে তালা ঝুলছে। এ ব্যাপারে আইডিয়েল কর্তৃপক্ষ গত সোমবার কয়েকটি দৈনিকে ‘গণ-বিজ্ঞপ্তি’ দিলেও জমা টাকার ভবিষ্যৎ ও টাকা উদ্ধার নিয়ে আতঙ্কে আছেন গ্রাহকেরা।প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা জেলায় প্রতিষ্ঠানটির ২৯টি শাখা রয়েছে।গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদ্য পাস হওয়া সমবায় আইনের কারণে এবং কয়েকজন সদস্যের অসহিষ্ণু আচরণে প্রধান কার্যালয়সহ সব শাখা কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রম করা অসম্ভব হয়ে পড়েছে। সবদিক বিবেচনা করে কর্তৃপক্ষ ২৫ ফেব্রুয়ারি সোমবার থেকে প্রধান কার্যালয়সহ সব শাখা অফিসের কার্যক্রম বন্ধ করে সোসাইটির নিজস্ব জায়গায় অস্থায়ী কার্যালয় স্থাপন করেছে। এর মধ্যে ঢাকা অঞ্চলের শাখার জন্য রাজধানীর পূর্ব বাড্ডায় আইসিএল গার্ডেন সিটি ও কুমিল্লা অঞ্চলের শাখার জন্য কুমিল্লা সদর দক্ষিণের গোপীনাথপুরে (আইসিএল সিএনজি ফিলিং স্টেশনের সঙ্গে) অস্থায়ী কার্যালয়ে সংশ্লিষ্ট সবাইকে যোগাযোগ করতে বলা হয়েছে।তবে নরসিংদী কার্যালয়ে ১৯ ফেব্রুয়ারি ও ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে ২১ ফেব্রুয়ারি থেকে তালা ঝুলছে। সোমবার আইডিয়েল কো-অপারেটিভের গণ-বিজ্ঞপ্তি সংবাদপত্রে দেখে অনেক গ্রাহক গোপীনাথপুরে আইসিএল গ্রুপের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে গেলেও তা বন্ধ দেখতে পান। এসব কার্যালয়ের কর্মকর্তা ও কর্মীদের মুঠোফোনও বন্ধ পাচ্ছেন গ্রাহকেরা।নবাবগঞ্জের কার্যালয়টি উপজেলার বাগমারা বাজারের আরিফ সুপার মার্কেটের দোতলায়। সেখানে আট-নয় বছর ধরে সমবায়ের নামে ব্যাংকিং কার্যক্রম করছে আইডিয়েল কো-অপারেটিভ। গ্রাহকদের প্রতি লাখে মাসে দুই থেকে আড়াই হাজার টাকার মুনাফার কথা বলে আমানত সংগ্রহ শুরু করে তারা। লোভে পড়ে সহস্রাধিক গ্রাহক তাঁদের টাকা জমা রাখেন।নবাবগঞ্জের গোল্লা এলাকার জেমস গোমেজের সাড়ে সাত লাখ টাকা, মোনায়েম মিয়ার এক লাখ ৩০ হাজার টাকা ও রঞ্জিত ঘোষের ৫০ হাজার টাকা রয়েছে। তাঁরা বলেন, ২১ ফেব্রুয়ারি থেকে কার্যালয়ে তালা ঝুলছে। শাখা কর্মকর্তা ও কর্মীদের মুঠোফোনও বন্ধ। আমানতের টাকা কীভাবে পাবেন, তা নিয়ে অনিশ্চয়তায় আছেন।নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান বলেন, গ্রাহকদের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নরসিংদীতে আইডিয়েল কো-অপারেটিভের কার্যক্রম শুরু হয় এক বছর আগে। গ্রাহক শফিকুল ইসলাম দাবি করেন, ‘আমাদের শতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা প্রতিষ্ঠানটির কাছে জমা আছে।’নরসিংদী সদর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন বলেন, আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটির ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।কুমিল্লায় আইডিয়েল কো-অপারেটিভের পাঁচটি কার্যালয়ে তালা ঝুলছে সোমবার থেকে। একাধিক আমানতকারী জানান, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের মুনাফার টাকা এখনো দেওয়া হয়নি। এ কারণে অনেকেই মূলধন ফেরত নিতে আবেদন করেছেন। কিন্তু প্রতিষ্ঠানটি মুনাফা ও মূলধন—কোনো টাকাই ফেরত দিচ্ছে না।গ্রাহকদের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইডিয়েল গ্রুপের জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা শরিফ মো. সাজেদুল হক। তিনি বলেন, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের মুনাফা না পেয়ে গ্রাহকেরা ভিড় করছেন। তবে গত সোমবার তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা; নরসিংদী ও নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি]