চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে অনুষ্ঠিত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল বুধবার সকালে প্রকাশিত হয়েছে।
এই অনুষদে ১১ হাজার ২৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অথচ প্রকাশিত ফলাফলে দেখা গেছে পাস করেছে মাত্র ১৮৩ জন পরীক্ষার্থী। যা শতকরা হিসাবে ১ দশমিক ৬৩। গত মঙ্গলবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত বছরও এই অনুষদে ১৪ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছিল মাত্র ১৩৪ জন।
এ প্রসঙ্গে আইন অনুষদের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক প্রথম আলোকে বলেন, ‘কোচিং ও গাইডনির্ভর প্রশ্ন না হওয়ায় হয়তো এটি হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা কোচিং ও গাইডনির্ভরতা থেকে বেরিয়ে আসুক, তাদের নিজস্ব সৃজনশীলতাকে কাজে লাগাক।’
পাশাপাশি এইচএসসিতে শিক্ষার্থীদের পড়ালেখার ভিত্তি নড়বড়ে হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়ে পাসের হার কমছে বলেও মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই জ্যেষ্ঠ শিক্ষক।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, আইন অনুষদে সাধারণ আসন রয়েছে ১০০টি। অন্যদিকে কোটার জন্য সংরক্ষিত রয়েছে ২২টি আসন।
এদিকে আইন অনুষদে বিজ্ঞপ্তি ফলকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধার ভিত্তিতে ১২৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এসব শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৪ নভেম্বর সকাল নয়টায় অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকারে উপস্থিত থাকতে এবং সাক্ষাৎকারে উপস্থিত না হলে সংশ্লিষ্ট প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন বলে নোটিশে জানানো হয়েছে।