আইন অমান্য করে চলছে সরকারি পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে খুলনার দাকোপ উপজেলায় একটি সরকারি পুকুর ভরাট করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ কাজ করা হচ্ছে। এটি ভরাট করা হলে এলাকায় খাওয়ার পানির সংকট দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
আইন লঙ্ঘন করে পুকুর ভরাটের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিম বলেন, ‘জনগণের কল্যাণের জন্য আইন। সে আইন জনগণের জন্য ভাঙা যায়।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের সামনে এক একর জমিতে একটি পুকুর আছে। এটির মালিকানা উপজেলা পরিষদের। প্রায় এক বছর ধরে ইউএনও ও কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পুকুরটি ভরাটের চেষ্টা চালাচ্ছেন। এলাকাবাসীর বাধার মুখে তাঁরা ওই কাজ করতে পারেননি। বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় সাংসদ ননী গোপাল মণ্ডল গত ২৭ জুলাই গণশুনানির আয়োজন করেন। সেদিন উপস্থিত ৬০-৭০ জন লোকের মধ্যে মাত্র সাত-আটজন পুকুর ভরাটের পক্ষে মত দেন। গত ২ আগস্ট একই বিষয়ে ইউএনও গণশুনানির আয়োজন করেন। এতে উপজেলার চারটি স্কুল ও একটি মাদরাসার শিক্ষার্থীদের ডেকে একটি বড় মাঠ করার প্রস্তাব করে উপজেলা পরিষদ। মাঠ করার কথা শুনে অনেকেই মত দেন। মত পেয়ে পুকুর ভরাট করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী ৩ সেপ্টেম্বর থেকে পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে। ৪ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, পশুর নদ থেকে পাইপলাইন দিয়ে বালু এনে পুকুরে ফেলা হচ্ছে।
উপজেলা পানি অধিকার কমিটির সহসভাপতি গৌরাঙ্গ প্রসাদ রায় জানান, লবণাক্ততার কারণে তাঁদের উপজেলায় গভীর নলকূপ বসানো হয়নি। তাই তাঁদের পুকুরের পানি বিশুদ্ধ করে খেতে হয়। উপজেলা পরিষদের পুকুর থেকে প্রায় দুই হাজার পরিবার পানি নেয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির খুলনার সমন্বয়ক মাহফুজুর রহমান জানান, পরিবেশ সংরক্ষণ আইনে উল্লেখ করা হয়েছে, যেসব পুকুর বৃষ্টির পানি ধরে রাখে, সেগুলো ভরাট করা যাবে না। কিন্তু এ আইন লঙ্ঘন করে উপজেলা পরিষদের পুকুরটি ভরাট করা হচ্ছে।
ইউএনও আবদুল হালিম বলেন, ‘আমরা এলাকার সুধীজন। বিভিন্ন ইউপির চেয়ারম্যানসহ সবার মত নিয়ে পুকুর ভরাট করছি। গণশুনানির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলার পেছনে একটি বড় পুকুর আছে, সেটির পানি ভালো। সবাই ওই পুকুরের পানি ব্যবহার করে। তাই এটি ভরাট করে উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ করা হবে।’
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল বলেন, ‘আমার গণশুনানিতে সবাই অমত করেছিলেন। কিন্তু ইউএনওর শুনানিতে অধিকাংশ রাজি হয়েছেন। আমার মনে হয়, তাঁদের মোটিভেট করে রাজি করানো হয়েছে। আমার মতে, এই পুকুরটি ভরাট করা উচিত নয়। কারণ, পৌরসভায় বিকল্প কোনো পানির উৎস নেই।’