আইন অমান্য করে পৌর এলাকায় চলছে ৩৫টি ইটভাটা
বগুড়া পৌর এলাকার পাঁচ গ্রামে ৩৫টি ইটভাটা রয়েছে। প্রায় তিন বর্গকিলোমিটারের মধ্যে ভাটাগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব গ্রামের ঘরে ঘরে সর্দি-কাশি, চুলকানি ও শ্বাসকষ্টের মতো সমস্যা লেগেই আছে। গ্রামগুলোর গাছপালা বিবর্ণ হয়ে গেছে। ফসল উৎপাদন গেছে কমে।সুজাবাদ গ্রামের বেজোড়া উত্তরপাড়ার গৃহবধূ নাছিমা আখতার বলেন, ‘হামরা প্রতিদিনি বিষ খাচ্ছি, বুকের বেদনা, জ্বর, সর্দি লাগেই আছে। আর চুলকানির কথা কওয়া যাবি না। বাড়িঘর, ধুলাবালি দিয়ে ভরা। যখন ভাটার কাম শুরু হয়, তখন ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখতি হয়।’ ওই গৃহবধূ আরো বলেন, ‘কোনো ফল খাবার পারি না। ফলের মুছি দেখা গেলেও সেলান আর বড় হয় না। আমের মুকুল ধরলিও তা ঝরে পড়ে। কলাগাছের মাতা মরে যাচ্ছে। ফল ধরলি তাতি পোকা ধরে। হামাগারে এই কষ্ট কেউ দেখপার আসে না।’শাজাহানপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা এমদাদ হোসেন জানান, প্রতিদিন ওই এলাকার যে সব রোগী আসেন তাদের মধ্যে অধিকাংশই চর্ম, শ্বাসকষ্ট, এলার্জি রোগের। এদের মধ্যে শিশু ও মহিলা বেশি। বেতগাড়ির পাশেই মাদলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। এই কেন্দ্রের চিকিৎসক এনামুল হক জেয়ারদার বলেন, ইটভাটার মৌসুমে তাঁর কেন্দ্রে প্রতিদিন যে রোগী চিকিৎসা নিতে আসে তার মধ্যে ২৫-৩০ জন শ্বাসকষ্ট, নিউমোনিয়া, চুলকানি রোগ নিয়ে আসে। তাদের যেসব চর্মরোগ হয় সেগুলো সহজে শুকাতে চায় না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অনুযায়ী জনবসতি এলাকার তিন কিলোমিটারের মধ্যে (যেখানে আনুমানিক ৫০টি পরিবার বাস করে) ইটভাটা করার নিয়ম নেই। পৌর এলাকার মধ্যে কোনো ইটভাটা করা যাবে না।সরেজমিনে দেখা গেছে, বেতগাড়ি ও সুজাবাদ গ্রামেই আছে ২০টি ইটভাটা। আর পৌর এলাকার ২১ নম্বর ওয়ার্ডে এক বর্গকিলোমিটারের মধ্যে আছে ১৫টি। ভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে। ধোঁয়ায় এলাকার গাছপালা ও লতাপাতা কালো-বিবর্ণ হয়ে গেছে। অনেক গাছপালার পাতা মরা মরা বা পুড়ে গেছে। বেজোড়া গ্রামের বাদশা মিয়া বলেন, ‘এই ভাটার কারণে গাছপালা, মানুষ ও ফসলের তিন ধরনের ক্ষতি হচ্ছে।’ সুজাবাদ গ্রামের মুদি দোকানি মজিবর রহমান বলেন, ‘বড় মানুষ ছাড়াও ছোলপলের শ্বাসকষ্ট লেগেই আছে। তার ওপর খোসপাঁচড়া, চুলকানি হচ্ছে। এলাকার মানুষেরা কয় ভাটার জন্য এ ধরনের রোগ হচ্ছে।’ প্রায় একই ধরনের কথা বলেন বেতগাড়ি গ্রামের গৃহবধূ মর্জিনা বেগম, চাঁচাইতারার আলাল মিয়া, ভাটকান্দি গ্রামের সুলতান আলীসহ কয়েকজন।বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের অক্টোবরে পৌর এলাকা বর্ধিত করা হলে এসব ইটভাটা পৌর এলাকার মধ্যে পড়ে। তখন থেকে ভাটাগুলো আগের মতো চলে আসছে। গত পাঁচ বছরে আরও ছয়টি ভাটা নতুন করে গড়ে উঠেছে। পৌর কাউন্সিলর খোরশেদ আলম বলেন, বেতগাড়ি ও সুজাবাদ এলাকায় ইটভাটার ধুলাবালিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।বেতগাড়ির এস এম বি ইটভাটার মালিক সায়েদুল হক বলেন, ‘পৌর এলাকার মধ্যে ভাটা করা যাবে না—বিষয়টি আমার জানা নেই। তবে ভাটা করার সব নিয়মকানুন মেনেই করা হয়েছে।’ বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একরাম হোসেন বলেন, ইটভাটার ধোঁয়ার কারণে বিভিন্ন গাছের ফলন কমে গেছে। মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ছায়েফুল্লাহ তালুকদার বলেন, ‘পৌর এলাকায় ইটভাটা করার কোনো নিয়ম নেই। নতুন করে যেসব ইটভাটা করা হচ্ছে, তার লাইসেন্স দিচ্ছে জেলা প্রশাসন। তারা লাইসেন্স দিলে আমাদের করার কিছুই থাকে না। আমাদের কাছ থেকে কোনো ছাড়পত্র না নিয়েই নতুন পাঁচটি ভাটা চলছে। কেউ অভিযোগ দিলে এসব ভাটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, ‘নতুন করে লাইসেন্স না দিলে কেউ ভাটা করতে পারবে না। পুরোনোগুলো ধীরে ধীরে তুলে দেওয়া হবে।’বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌস আলম বলেন, ‘আগে থেকে যেসব ভাটা রয়েছে, সেগুলোর বিষয়ে শৈথিলতা থাকবে। এমনিতে সেই ভাটাগুলো আমরা ভাঙতে পারি না। নতুন ভাটার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেলে তা বন্ধ করে দেওয়া হবে।’