আইন অ্যালামনাই সম্মেলনে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের প্রথম আইন অ্যালামনাই সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সাবেক–বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়।
আইন বিভাগ সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন ও মুসলিম বিধান বিভাগের যাত্রা শুরু ১৯৮৭ সালে। এই ৩০ বছরে এ বিভাগের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন আদালতের বিচারক হয়েছেন। সুপ্রিম কোর্টসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আইন পেশায় নিয়োজিত রয়েছেন অনেকে। তাঁদের সঙ্গে বিভাগের বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন ঘটাতেই এ আয়োজন।
অ্যালামনাই সম্মেলন উপলক্ষে বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আইন বিভাগের সভাপতি জহুরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম তোহা এবং আইন ও শরিয়াহ অনুষদের ডিন নুরুন নাহার। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেলে আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শাহ মুঞ্জুরুল হক, সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী মুহাম্মদ আলী প্রমুখ।