বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আইন ও মেশিন (ইভিএম) ব্যবহার করে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। গতকাল মঙ্গলবার নাটোর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের বিরুদ্ধে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ও বিএনপির নেতা-কর্মীদের নির্যাতনের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান। সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার। নজরুল ইসলাম খান বলেন, কঠোর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখতে বাধ্য করা হবে। ফন্দিফিকির করে লাভ হবে না।তিনি বলেন, ক্ষমতাসীন দল জানে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভয়াবহ পরাজয় ঘটবে। এই ভয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন-আদালতকে ব্যবহার করছে। ভোট চুরির জন্য ইভিএম চালুর পাঁয়তারা করছে। কিন্তু দেশের জনগণ তা মানবে না। বিএনপিকে বাদ রেখে কোনো নির্বাচন অতীতে যেমন টেকেনি, ভবিষ্যতেও টিকবে না।