আইন ও সালিশ কেন্দ্রের নুর খানকে অপহরণের চেষ্টা
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক (তদন্ত) নুর খানকে অপহরণের চেষ্টা করেছে অজ্ঞাত পরিচয় কিছু লোক। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর লালমাটিয়ায় আইন ও সালিশ কেন্দ্রের কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটানোর চেষ্টা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, গুম, অপহরণসহ সাম্প্রতিক নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে নুর খান সোচ্চার। যাদের বিরুদ্ধে তাঁরা সোচ্চার, তারাই এ ঘটনা ঘটানোর চেষ্টা করেছে বলে তাঁর ধারণা।
নুর খান জানান, আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তিনি লালমাটিয়ার অফিস থেকে এক সহকর্মীসহ বের হয়ে আজিমপুর নিউ পল্টনে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটানোর চেষ্টা হয়। অফিসের ২০-২৫ গজ দূরে গিয়ে একটি রিকশায় ওঠার পর একটি মাইক্রোবাস দেখে সন্দেহ হয় নুর খানের। তিনি রিকশাযোগে রওনা হলে মাইক্রোবাসটি তাঁদের অতিক্রম করে রিকশার গতিরোধ করে। ওই সময় তিনি রিকশা থেকে লাফ দিয়ে দৌড়ে অফিসে চলে আসেন।
নুর খান প্রথম আলোকে বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অপহরণ, গুমসহ নানা বিষয়ে সোচ্চার হওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ তাঁর ওপর ক্ষুব্ধ। তাঁর ধারণা, অপহরণের চেষ্টাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ হতে পারে।