আইন কমিশনের বেশির ভাগ সুপারিশ উপেক্ষিত
গত ১৯ বছরে আইন কমিশন শতাধিক নতুন আইন প্রণয়ন বা বিদ্যমান আইনের সংস্কারের জন্য সরকারকে সুপারিশ করেছে। তবে বেশির ভাগ সুপারিশের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি।
আইন কমিশনের সূত্র বলছে, ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে কমিশন এ পর্যন্ত ১৩৬টি প্রতিবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সুপারিশ, পর্যবেক্ষণ ও মতামতভিত্তিক এসব প্রতিবেদনের মধ্যে ৩৩টি সম্পূর্ণ বা আংশিক বাস্তবায়ন এবং মতামত গ্রহণ করেছে সরকার। বাকিগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অথচ আইন কমিশনের সুপারিশ বাস্তবায়নের অবস্থা জানানো সরকারের জন্য বাধ্যতামূলক। আইনে বলা আছে, প্রতিবছর সংসদের প্রথম অধিবেশনে আইন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের বিষয়ে সরকারকে একটি প্রতিবেদন দিতে হবে।
আইন কমিশনের সদস্য ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ টি এম ফজলে কবীর প্রথম আলোকে বলেন, ‘আমি প্রায় দুই বছর কমিশনে আছি। এই সময়ের মধ্যে কমিশন যে কয়টি (১১টি) সুপারিশ পাঠিয়েছে, তার কোনোটি আইনে পরিণত হয়নি। সুপারিশ বাস্তবায়ন-সম্পর্কিত প্রতিবেদন সংসদে দেওয়া হচ্ছে কি না, সেটা আমরা জানি না। সেটা আমাদের কাজও নয়। আমরা আমাদের কাজ করে যাচ্ছি।’
অবশ্য আইন কমিশনের হাত ধরে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণীত হয়েছে। ২০০৩ সালে তথ্য অধিকার আইনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দিয়েছিল কমিশন, প্রায় ছয় বছর পর ২০০৯ সালে এটিকে আইনে রূপ দেয় বর্তমান সরকার। ২০০৫ সালে করা কমিশনের সুপারিশের আলোকে ২০১০ সালে প্রণীত হয় পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন। ২০১৩ সালে যুগোপযোগী নিরাপদ খাদ্য আইন প্রণয়নেও কমিশনের ভূমিকা ছিল। কমিশনের সুপারিশ মেনে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়, যে আইনের ওপর ভিত্তি করে দেশে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে।
তবে কমিশনের ক্ষেত্রে এর বিপরীত চিত্রই বেশি। সাক্ষী সুরক্ষা, বৈষম্য বিলোপ, মিথ্যা মামলা প্রতিরোধ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, চিকিৎসায় অবহেলা দূর, শারীরিক শাস্তির বিধান বাতিল প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয়ে স্বতন্ত্র আইন প্রণয়নের সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে আইন কমিশন। কয়েক বছর পার হয়ে গেলেও এসব সুপারিশ আইনে পরিণত হয়নি।
এ বিষয়ে আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রথম আলোকে বলেন, আইন কমিশনের সুপারিশে সরকার গুরুত্ব দেয় না, এটা সত্য না। সরকার সব সময় এগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে। কমিশনের সুপারিশ আমলে নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আইন প্রণয়ন করেছে জাতীয় সংসদ।
আইন মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আইন কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে আসলে মন্ত্রণালয়ের তেমন কিছু করার নেই। মন্ত্রণালয় এখানে শুধু ডাকবাক্সের (পোস্ট বক্স) ভূমিকা পালন করে। আইন প্রণয়ন বা সংশোধনের বিষয়টি পুরোপুরি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
এ বিষয়ে আইন কমিশনের একটি সূত্রের বক্তব্য হলো, কমিশনের সব সুপারিশ গ্রহণযোগ্য হবে না, এটাই স্বাভাবিক। আইন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করার কোনো বাধ্যবাধকতাও নেই। কিন্তু সুপারিশের বিষয়ে মতামত জানাতে হবে। কোনো সুপারিশ গ্রহণযোগ্য কি না, না হলে কেন নয়, সেটা অন্তত জানাতে হবে।
বিশ্বের উন্নত ও উন্নয়নশীল বেশির ভাগ দেশে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইনের সংস্কারে তাদের আইন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের ব্রিটিশ ল কমিশন বা ভারতের আইন কমিশন খুব কার্যকর সংস্থা। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অঙ্গরাজ্যে পৃথক আইন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একটি আলাদা ইউনিফর্ম ল কমিশন আছে।
কিসের ভিত্তিতে কমিশন আইন সংশোধন বা প্রণয়নের সুপারিশ করে—এ বিষয়ে কমিশনের সদস্য বিচারপতি ফজলে কবীর বলেন, ‘সরকার আমাদের বলে না, এ বিষয়ে খসড়া তৈরি করেন বা সুপারিশ দেন। আমরা নিজ থেকে গবেষণা করে, গুরুত্ব বিবেচনা করে এবং বিভিন্ন অংশীদারের সঙ্গে কথা বলে খসড়া বা সুপারিশ তৈরি করি।’
কমিশনের সূত্র বলছে, একটি আইনের খসড়া প্রণয়নের আগে কমিশন অংশীদারদের সঙ্গে আলোচনা করে। যদি সরকার মনে করে এ বিষয়ে কমিশনের যথেষ্ট প্রস্তুতি নেই বা আরও আলোচনার দরকার আছে, তাহলে তারা প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে। কিন্তু কমিশন যখন একটি সুপারিশ চূড়ান্ত করে এবং পরে সরকার এ নিয়ে নিশ্চুপ থাকে, তখন তা মেধা আর অর্থের অপচয় ছাড়া আর কিছুই হয় না।
আইনবিদ শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে আমাদের প্রধান পার্থক্য হলো তাদের প্রতিষ্ঠানগুলো স্বাধীন ও কার্যকর, আমাদেরগুলো নয়। যে দেশের প্রতিষ্ঠান যত কার্যকর ও শক্তিশালী, সে দেশ সংকট মোকাবিলায় ততটাই পারদর্শী। কিন্তু সরকারের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, সব ক্ষমতা তাদের হাতে রাখতে হবে। এ জন্যই আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হচ্ছে না। আইন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন বা এ ধরনের যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এটা হচ্ছে।’