জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডওর গুরুত্বপূর্ণ দুটি ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করার জন্য আইন কমিশন সরকারকে সুপারিশ পাঠিয়েছে গত বছর। তবে সরকার এখন পর্যন্ত এ সুপারিশ আমলে নেয়নি বা কমিশনকেও এ বিষয়ে কিছু জানায়নি।
প্রায় তিন দশক ধরেই সরকার সনদের দুটি ধারা (ধারা ২ এবং ১৬ (১)গ) কোরআন ও সুন্নাহবিরোধী বলে আপত্তি বহাল রেখেছে। জাতিসংঘ ১৯৭৯ সালে সনদ বা দলিলটি গ্রহণ করে। ১৯৮১ সাল থেকে তা কার্যকর হয়। ১৯৮৪ সালে চারটি ধারায় আপত্তি দিয়ে বাংলাদেশ সনদটি অনুসমর্থন করে। ১৯৯৭ সালে ধারা ১৩ (ক) এবং ১৬ (১) চ থেকে আপত্তি তুলে নেয়। কিন্তু অন্য দুই ধারার আপত্তি বহালই রাখে।
আইন কমিশনের সুপারিশে বলা হয়েছে, ধারা ২ পুরোটা এবং ১৬ (১) গ কীভাবে কোরআন ও সুন্নাহবিরোধী হলো বাংলাদেশ তার কোনো ব্যাখ্যা দেয়নি। সনদের ২ ধারার সাতটি উপধারায় সংবিধান ও অন্যান্য আইনে নারী-পুরুষের সমানাধিকারের নীতি গ্রহণ ও তা বাস্তবায়ন, বৈষম্য নিষিদ্ধ করার জন্য শাস্তিমূলক ব্যবস্থাসহ আইনগত ও অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথা বলা আছে। এ ছাড়া রয়েছে সমানাধিকারের আইনগত সুরক্ষা প্রতিষ্ঠায় আদালত, ট্রাইব্যুনাল এবং অন্যান্য সরকারি সংস্থার মাধ্যমে যেকোনো বৈষম্যমূলক কাজের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা নিশ্চিত করা, নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করে বিদ্যমান এমন আইন, বিধান, প্রথা ও প্র্যাকটিস সংশোধন বা বাতিল করার জন্য আইন প্রণয়নসহ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং এমন সব ফৌজদারি বিধিবিধান বাতিল।
আইন কমিশনের সুপারিশে বলা হয়েছে, একমাত্র বাংলাদেশ ছাড়া অন্য কোনো মুসলিম রাষ্ট্র পুরো ২ ধারাটিকে কোরআন-সুন্নাহবিরোধী বলে চিহ্নিত করে তা প্রত্যাখ্যান করেনি। জার্মানি, বেলজিয়াম, সুইডেন, মেক্সিকো, নেদারল্যান্ডস এই শর্ত সংরক্ষণের বিরোধিতা করে আপত্তিও জানিয়েছে। ধারা ১৬ (১) গ ধারায় বলা হয়েছে, বৈবাহিক সম্পর্ক বিদ্যমান অবস্থা ও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষের একই অধিকার থাকবে। কমিশন সুপারিশে বলেছে, এ ধারাটিকেও সম্পূর্ণভাবে কোরআন ও সুন্নাহভিত্তিক শরিয়াহবিরোধী বলা যাবে না। কারণ, দেশে প্রচলিত আইনেই নারীরও অনেক অধিকার রয়েছে।
কমিশনের সুপারিশ হচ্ছে, বাংলাদেশ বলতে পারে যে সনদের দুটি ধারা থেকে শর্ত প্রত্যাহার করা হয়েছে। তবে ধারা দুটির শর্তাবলি প্রয়োগে বাংলাদেশ তার সংবিধান ও প্রচলিত আইনের বিধানাবলির সঙ্গে সামঞ্জস্য বিধান করবে।
সরকারের কাছে সুপারিশ জমা দেন কমিশনের তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম। বর্তমানে কমিশনের সদস্য শাহ আলম প্রথম আলোকে বলেন, ১৯৯৬ সালের আইন কমিশন আইন অনুযায়ী কমিশন সুপারিশ দিলে সরকার প্রতিবছর সংসদের প্রথম অধিবেশনে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন-সম্পর্কিত একটি প্রতিবেদন সংসদে পেশ করবে। তবে কমিশনের পক্ষ থেকে গত বছরের ফেব্রুয়ারি মাসে আইন মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হলেও এ দুটি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেন, ‘আইন কমিশনের সুপারিশ আমরা পেয়েছি। তবে তা এখনো বিবেচনায় নেওয়া হয়নি। চার বছর পরপর প্রতিবেদন পাঠানোর বাধ্যবাধকতায় আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘ সিডও কমিটির কাছে বাংলাদেশকে প্রতিবেদন পাঠাতে হবে। সরকার সে প্রতিবেদন তৈরির কাজ করছে। সংরক্ষণ প্রত্যাহারের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও সবার সঙ্গে আলাপ-আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সরকার সর্বশেষ প্রতিবেদনেও (২০১০) সিডও কমিটির কাছে সংরক্ষণ প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে। এবারও সরকার বলেছে, সংরক্ষণ প্রত্যাহারের বিষয়টি প্রক্রিয়াধীন। অন্যদিকে ২০১১ সালের জানুয়ারিতে জেনেভায় জাতিসংঘ সিডও কমিটির ৪৮তম অধিবেশনে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি করণীয় সম্পর্কে সিডও কমিটি সমাপনী অভিমতে বরাবরের মতোই বাংলাদেশ সরকারকে সংরক্ষণ প্রত্যাহারের তাগিদ দিয়েছে।