আইন করার অর্ধযুগ পর জাতির জনকের পরিবারের সুরক্ষার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় অর্ধযুগ পর গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। ‘নিরাপত্তা হুমকি’ থাকায় ওই পরিবারের সাত সদস্যের সার্বক্ষণিক নিরাপত্তায় ১৩টি বিশেষ উদ্যোগ নেওয়ার পাশাপাশি ছয় ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন অনুযায়ী, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বাসভবনের চারপাশে সুউচ্চ ভবনের বাসিন্দাদের ওপর সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি করা হবে। এমনকি আবাসস্থলের আশপাশে কোনো ভবন, স্থাপনা বা অবস্থান থেকে কোনো প্রকার হুমকি সৃষ্টি করার মতো অবস্থা থাকলে ওই স্থাপনা অপসারণ কিংবা পরিবর্তনের মাধ্যমে আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়। ওই দিনই সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এটি প্রেসে ছাপা হয়। তবে গতকাল মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই প্রজ্ঞাপনের কপি পৌঁছায়নি।
মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪ থেকে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯’-এর ৪ (৩) ধারা অনুযায়ী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে এ আদেশ জারি করা হয়েছে। ওই ধারায় পরিবারের প্রত্যেক সদস্যের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসনের ব্যবস্থা ও এই বিবেচনায় প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
অর্ধযুগ পর এই প্রজ্ঞাপন জারির প্রয়োজন হলো কেন, তা জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা জাতির জনকের পরিবারের সদস্যদের নিরাপত্তা হুমকির কথা জানিয়েছে। এসব সংস্থার পর্যবেক্ষণ থেকে দেখা গেছে, তাঁদের আবাসস্থলে যে ধরনের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা থাকার কথা, সেগুলো ছিল না।
২০০৯ সালে আইন প্রণয়নের এত দিন পর এসব সুবিধা চালু করা বিষয়ে জানতে চাইলে মো. মোজাম্মেল হক জানান, আইন চলমান বিষয়। বাস্তবতার নিরিখে, পরিবর্তিত পরিস্থিতিতে এবং আইনটি ‘অর্থবহ (মিনিংফুল)’ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্বে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা, আর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অটিজম-বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান।
শেখ রেহানার তিন ছেলেমেয়ে। বড় মেয়ে টিউলিপ সিদ্দিক সম্প্রতি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের একটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীও থাকেন যুক্তরাজ্যে। আর ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) দায়িত্বে আছেন এবং তিনি অনেকটা সময় ঢাকাতেই থাকেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে ১৯৭১ সালে স্বাধীন হয় বাংলাদেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিব ও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
শেখ মুজিবুর রহমানের জীবিত দুই মেয়ে ও তাঁদের সন্তানদের আজীবন নিরাপত্তা বিধানে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯’ ওই বছরের অক্টোবরে জাতীয় সংসদে পাস হয়। আইন অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা ও তাঁদের সন্তানেরা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা পাচ্ছেন। এসএসএফ অধ্যাদেশ, ১৯৮৬ সালের অধীন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) জন্য যে নিরাপত্তাব্যবস্থা রয়েছে, জাতির পিতার পরিবারের সদস্যদের আজীবন সে রকম নিরাপত্তা সর্বত্র দেওয়ার কথা রয়েছে ওই আইনে। এ ছাড়া আইনে তাঁদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যদের মতামতকে প্রাধান্য দেওয়ার কথাও বলা হয়।
এর আগে বিগত সপ্তম সংসদের শেষ দিকে ২০০১ সালের ২০ জুন জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা বিল-২০০১ সংসদে পাস করা হয়। এরপর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ওঠে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসেই অষ্টম সংসদে ২০০১ সালের ২ ডিসেম্বর বিলটি রহিত করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৯ সালের আইনটি ছিল সংক্ষিপ্ত। এটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট করা হয়েছে। ভবিষ্যতেও প্রজ্ঞাপনের মাধ্যমে এর সংশোধন, সংযোজন বা সম্প্রসারণ হতে পারে।
নিরাপত্তায় ১৩ উদ্যোগ: মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, জাতির পিতার পরিবারের সদস্যদের আবাসস্থলের চারপাশে সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তাকর্মী নিয়োজিত রাখতে হবে।
এ পরিবারের সদস্যদের আবাসস্থলে ‘হুমকি ও অন্তর্ঘাতমূলক অবস্থা’ মোকাবিলায় সুরক্ষিত ও নিরাপদ বেষ্টনী প্রস্তুত রাখতে হবে। আবাসস্থলে যাতায়াতের পথ সব ধরনের আক্রমণ থেকে নিরাপদ রাখার ব্যবস্থাও করতে হবে। আবাসস্থলে সব সময় প্রয়োজনীয় সরঞ্জামসহ ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত থাকবে। আবাসস্থলের ভেতরে যেসব স্থানে জাতির পিতার পরিবারের সদস্যরা চলাফেরা করেন, সেসব স্থানে সব সময় নিরাপত্তা সুইপিংয়ের ব্যবস্থা করতে হবে।
তাঁদের আবাসস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে। এর ভেতরে-বাইরে নিরাপত্তা অ্যালার্ম বসানো হবে। আবাসস্থলে প্রবেশের সময় সবাইকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করতে হবে।
এ ছাড়া আবাসস্থলে যেকোনো বস্তু, দ্রব্য বা সরঞ্জাম ঢোকানোর আগে স্ক্যান করতে হবে এবং আবাসস্থল থেকে তাৎক্ষণিক নির্গমনের জন্য এক বা একাধিক বিশেষ পথের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
সাত ধরনের সুবিধা: প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আবাসস্থলের মেরামত, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে গণপূর্ত অধিদপ্তর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে সার্বক্ষণিক নিরাপত্তা।
দেশে ও প্রয়োজনে বিদেশে সরকারি খরচে তাঁদের চিকিৎসা করতে হবে। সরকারি খরচে ব্যক্তিগত সহকারী, দুজন বেয়ারা, একজন করে বাবুর্চি, মালি ও ঝাড়ুদার নিয়োগ করতে হবে।
বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা একজন চালক ও প্রয়োজনীয় পেট্রলসহ গাড়ি পাবেন। তাঁরা সরকারি খরচে টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ ও পানি এবং উচ্চক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সুবিধাও পাবেন।
জাতির পিতার পরিবারের সদস্যদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য আবাসস্থলে সব সময় স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা অ্যাম্বুলেন্স রাখতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তার লক্ষ্যে অন্য কোনো প্রকার সহায়তা বা আনুষঙ্গিক সরঞ্জাম বা দ্রব্যের প্রয়োজন হলে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা তা প্রদান করবে।