সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করাই হবে গ্রহণযোগ্য পদ্ধতি। সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় এ অভিমত দিয়েছেন আলোচকেরা। তাঁরা বলেছেন, প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত অনুসন্ধান কমিটি দিয়ে ইসি পুনর্গঠন করা হলে তা গ্রহণযোগ্যতা পাবে না।জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার ‘নির্বাচন কমিশন পুনর্গঠন ও রাষ্ট্রপতির সুপারিশ’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। গোলটেবিলে বলা হয়, রাষ্ট্রপতি ইসি পুনর্গঠনের জন্য অনুসন্ধান কমিটিতে আপিল বিভাগ ও হাইকোর্টের একজন করে বিচারপতি, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান, মহা-হিসাব নিরীক্ষক এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে বাদ দিয়ে চার সদস্যের কমিটি করা হয়। এর মাধ্যমে সরকার রাষ্ট্রপতির পরামর্শ উপেক্ষা করেছে।আলোচনার সঞ্চালক ও সুজনের সহসভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, অনুসন্ধান কমিটির সদস্যদের নিয়োগ-প্রক্রিয়া স্বচ্ছ নয়। এই কমিটির কাজ স্বচ্ছ হতে হবে এবং তারা কারও নাম প্রস্তাব করার আগে সমাজের বিশিষ্টজনদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। বিএনপিকে শুধু তত্ত্বাবধায়ক-ব্যবস্থা নিয়ে কথা বললে চলবে না, নির্বাচন কমিশন নিয়েও কথা বলতে হবে।কলামিস্ট-সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, সংসদে সাংসদদের কোনো কাজ নেই। তাঁরা ঘরজামাইয়ের মতো থাকেন। সংসদে আইন প্রণয়ন করে ইসি পুনর্গঠন করা হলে সংসদও প্রাণবন্ত হবে। তাতে সাংসদ, স্পিকার, সংসদ নেতা এবং বিরোধীদলীয় নেতার সম্পৃক্ততা থাকবে।সংবিধান বিশেষজ্ঞ শাহ্দীন মালিক বলেন, আইন প্রণয়ন না করে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে যে অনুসন্ধান কমিটি করেছে, তা গ্রহণযোগ্যতা পাবে না। হাতে যেটুকু সময় আছে, সে সময়েই আইন করা সম্ভব। এ জন্য প্রধান বিরোধী দল বিএনপিকে ইসি পুনর্গঠন-প্রক্রিয়ায় থাকতে হবে এবং চলমান এই বিতর্কে অংশ নিতে হবে।অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, বর্তমানে ইসি পুনর্গঠন আলোচনার বিষয় হতে পারে না। আগে তত্ত্বাবধায়ক-ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।এরপর সুজনের সহসম্পাদক জাকির হোসেন বলেন, ‘সংবিধানে আছে ইসি পুনর্গঠনে আইন করতে হবে। বিএনপি সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিল। তারা কেন আইনটি করেনি। করলে আজ আমাদের এ নিয়ে কথা বলতে হতো না।’আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এতে বলা হয়, ইসি পুনর্গঠনে আইন প্রণয়ন করা সাংবিধানিক বাধ্যবাধকতা। অথচ নির্বাচিত সরকারগুলো গত ৪০ বছরে এই আইন করেনি। এর মাধ্যমে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা দলগুলো সংবিধান উপেক্ষা করেছে।প্রবন্ধে আরও বলা হয়, সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর আস্থা সৃষ্টি করতে অনির্বাচিত তত্ত্বাবধায়ক-ব্যবস্থা বাতিল করেছে। অথচ অনির্বাচিত ব্যক্তিদের নিয়েই অনুসন্ধান কমিটি গঠন করেছে। এর চেয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব অনেক ভালো ছিল। তাতে সরকারি ও বিরোধী দলের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হতো।সুজনের সুপারিশে বলা হয়, অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার হিসেবে যাঁদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে, স্বচ্ছতার জন্য তাঁদের নাম প্রকাশ করতে হবে।আলোচনায় আরও অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, অধ্যাপক এম মোস্তফা চৌধুরী, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হুমায়ুন কবির, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক কামাল আতাউর রহমান, ডেমক্রেসিওয়াচের প্রধান নির্বাহী তালেয়া রেহমান প্রমুখ।