আইন করে বিকল্প ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা হবে আত্মঘাতী। স্বাধীন মাধ্যমকে রাখতে হবে স্বাধীন ও নিয়ন্ত্রণমুক্ত। আর সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধের মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে।গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘সামাজিক মাধ্যমের স্বাধীনতা ও দায়িত্ব’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ভাষা আন্দোলনের মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই সেমিনারের আয়োজন করে।বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাহমিদুল হক। তিনি বলেন, সামাজিক গণমাধ্যমের অপব্যবহারের ফলে কিছু অপরাধপ্রবণতার বহিঃপ্রকাশ ঘটছে। এ কারণে আইন করে বিভিন্ন দেশে সামাজিক গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে সরকার। কিন্তু আইন করার বদলে ব্যবহারকারীরা যদি সামাজিক গণমাধ্যমগুলোর নিজস্ব আইন মেনে চলেন, তা হলে আর সমস্যার সম্মুখীন হতে হবে না। ব্যারিস্টার তানজিব উল আলম বলেন, সংবিধানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। তবে মত প্রকাশ করতে গিয়ে অন্যের ক্ষতিসাধন না করার দিকে খেয়াল রাখতে হবে।ব্লগার অমি রহমান পিয়াল বলেন, সামাজিক মাধ্যমগুলো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানকার অধিকাংশ ব্যবহারকারী তরুণ হওয়ায় তাদের মানসপটে নির্ধারিত কিছু ভাবনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে।প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন বলেন, আইন করে নিয়ন্ত্রণ আনা যাবে না। সচেতনতাই এখানে মুখ্য বিষয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল হক। অন্যদের মধ্যে বিভাগের শিক্ষক চেয়ারপারসন গীতি আরা নাসরিন, রোবায়েত ফেরদৌস, শাওন্তী হায়দার, সাবরিনা সুলতানা চৌধুরী, মোহাম্মদ খোরশেদ আলম, সাইফুল আলম চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।