আইন করে মাদক নির্মূল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন করে বা শক্তি প্রয়োগ করে মাদক নির্মূল করা যাবে না। মাদক নির্মূলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল শনিবার ঢাকা ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রমিসেস মেডিকেল লিমিটেড আয়োজিত এক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যেসব মাদক নিয়ে উদ্বেগ রয়েছে সেসব মাদক দেশে উৎপাদিত হয় না, পার্শ্ববর্তী দেশ থেকে আসে। এটি বন্ধ করতে বিজিবি, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
গোলটেবিল আলোচনায় মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, মাদকাসক্ত হওয়া ও মাদক ব্যবসায় জড়িয়ে যাওয়ার কারণ দারিদ্র্য, দ্রুত ধনী হওয়ার লালসা ও হতাশা। এ থেকে মুক্তির জন্য সামাজিক আন্দোলন ও অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।
আলোচনায় শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলাম, সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান, মানসের সভাপতি অরূপ রতন চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ অংশ নেন। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান সভাপতিত্ব করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক অধিদপ্তরের পরিচালক (নিরোধ শিক্ষা) নাজমুল আহসান মজুমদার।
এদিকে জাতীয় প্রেসক্লাবে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত এক বৈঠকে বক্তারা বলেছেন, উন্নয়নশীল দেশগুলোতে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। আগে পুরুষদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা বেশি থাকলেও এখন নারীরাও মাদকে আসক্ত হচ্ছেন। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ।
আজ ২৬ জুন সারা বিশ্বে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। বিশ্বব্যাপী মাদকের ভয়াবহতার কথা বিবেচনা করে ১৯৮৭ সালে জাতিসংঘ দিবসটি ঘোষণা করে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।