আইন করে হরতাল নিষিদ্ধ করার দাবি

আইন করে হরতাল নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ীরা। গতকাল বুধবার বিকেলে ওই মার্কেটের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এ দাবি জানান। কর্মসূচির আয়োজন করে ‘দেশ বাঁচাও পেট বাঁচাও আন্দোলন’। কর্মসূচিতে বক্তারা বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। হরতাল পালন না করাও গণতান্ত্রিক অধিকার। ভবিষ্যতে কোনো দল হরতাল দিলে দোকানপাট খোলা রেখে প্রতিবাদ জানানো হবে এবং দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সংগঠনের আহ্বায়ক রবীন আহসান বলেন, ঈদ সামনে রেখে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। হরতালের কারণে তাঁরা সর্বস্ব হারাতে বসেছেন। গত বৈশাখেও কোটি কোটি টাকা বিনিয়োগ করে হরতালের কারণে ব্যবসায়ীদের অনেকে সর্বস্বান্ত হয়েছেন। রমজান মাসে যাতে আর কোনো হরতাল না হয়, সে জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দিনের পর দিন হরতাল চলতে থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। সে জন্য আইন করে হরতাল নিষিদ্ধ করতে হবে। মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ী নেতা আলমগীর হোসেন, বাহার রহমান প্রমুখ।