আইন করে হরতাল বন্ধ করা যাবে না: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, আইন করে হরতাল বন্ধ করা যাবে না। সরকারের এ চিন্তা স্বৈরাচারী ও অযৌক্তিক মনোভাবের বহিঃপ্রকাশ। গতকাল সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।বিএনপির মহাসচিব বলেন, ‘হরতাল জনগণের একটি গণতান্ত্রিক অধিকার। সরকার যখন জনগণের কথা শোনে না তখনই এটা প্রয়োগ করা হয়ে থাকে। কিন্তু এটা দুঃখজনক, যে দলই ক্ষমতায় যায়, তারাই হরতালের বিরুদ্ধে কথা বলে। বিরোধী দল হরতালের পক্ষে থাকে। এখন শুনি আইন করবে। এভাবে আইন করে জনগণের এই গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা যাবে না।’খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ সরকারে থাকার সময় বলেছিল তারা বিরোধী দলে গেলে হরতাল করবে না। কিন্তু যখনই তারা বিরোধী দলে গেছে, তখনই একের পর এক হরতাল করেছে। যুদ্ধাপরাধীদের পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে—সরকারের এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। কিন্তু সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। তারা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে এখন মানবতাবিরোধী অপরাধের বিচার করতে চায়।’গত ২৭ জুন হরতালের সময় গ্রেপ্তার জাতীয়তাবাদী মৎসজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের কারামুক্তি উপলক্ষে খোন্দকার দেলোয়ার দুপুরে ওই সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।শমসের মবিন চৌধুরীর মুক্তি দাবি: বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরীসহ অন্য নেতাদের মুক্তি চেয়েছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংগঠনের উদ্যোগে রাজবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বর্তমানে দেশে রক্ষীবাহিনীর শাসন চলছে। ’৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত যেভাবে অত্যাচার-নির্যাতন করে সরকার দেশ পরিচালনা করেছিল বর্তমান সরকারও একইভাবে দেশ শাসন করছে।বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হামিদুল্লাহ খানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাবউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাংসদ শাম্মী আক্তার প্রমুখ বক্তব্য দেন।