আইন থাকলে আইনের শাসনও থাকতে হবে

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, রাষ্ট্রে আইন থাকলে আইনের শাসনও থাকতে হবে। সেখানে জাতি-ধর্মনির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা ও সমান সুযোগ থাকতে হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত জরুরি।
আজ শনিবার বগুড়ার একটি মোটেলে জনস্বার্থ মামলার প্রতিবন্ধকতা, বাস্তবতা ও সম্ভাবনা শীর্ষক (পিআইএল রিভিউ ওয়ার্কশপ) কর্মশালায় কথাগুলো বলেন সুলতানা কামাল। ভূমি, সম্পদ, পরিবেশ এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করতে গিয়ে সুলতানা কামাল আরও বলেন, একটি সমাজে সুশাসন এবং আইনের শাসনের প্রতি আস্থা বিনষ্ট হলে মানুষের অধিকারবোধ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে বিচারহীনতা ও দায়বদ্ধতার অভাবে মানবাধিকার লঙ্ঘন কিংবা সম্পদ হরণের প্রতিকার পাওয়া দুষ্কর হয়ে ওঠে। এই পরিস্থিতির পরিবর্তন আনতে হলে জনগণকে অধিকার সচেতনতা এবং সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অধিকার রক্ষার প্রত্যয়ে শক্তিশালী করতে হবে।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) যৌথভাবে তিন দিনের এই কর্মশালার আয়োজন করে গত শুক্রবার থেকে। কর্মশালার প্রথম দিনে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় জনস্বার্থ মামলার যৌক্তিকতা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আজ কর্মশালার দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তন সুবিধাবঞ্চিত মানুষের অধিকার কীভাবে খর্ব করে, সে বিষয়ে আলোচনা করেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ প্রধান অতিথির বক্তব্য দেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক। তিনি বলেন, জনস্বার্থবিষয়ক মামলার ধারণা হাইকোর্টে প্রতিষ্ঠিত হতে প্রায় ২৫ বছর সময় লেগেছে। জনস্বার্থবিষয়ক মামলা নিম্ন আদালতে শুরু করলে একদিন এটাও আইনগত ভিত্তি লাভ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ। এ ছাড়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন, এএলআরডিএর নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ বক্তব্য দেন।
কর্মশালায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদ, করতোয়া নদী দখল উত্তরাঞ্চলে জনস্বার্থ-সংশ্লিষ্ট বেশ কিছু মামলা নিয়ে আলোচনা হয়। রোববার কর্মশালার শেষ দিনেও জনস্বার্থ মামলার নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।