আইন না জেনে বক্তব্য দেওয়া ঠিক না: মাহবুবে আলম
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘আমাদের সংবিধান, আইন ও আইনের অধীনে বিধি সম্পর্কে না জেনে বক্তব্য দেওয়া ঠিক না। যাঁরা বক্তব্য দিচ্ছেন, তাঁরা আমাদের বিচার বিভাগকে অবমূল্যায়ন করছেন। আমাদের বিচার বিভাগের মান বিশ্বমানের। এ ধরনের বক্তব্য আমাদের বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল। আমাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ।’
মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার নাভি পিল্লাইয়ের বিবৃতি এবং বিভিন্ন মহলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য সরবরাহ করা হয়। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকিরও উপস্থিত ছিলেন।
১৬ ডিসেম্বর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান কাদের মোল্লার ফাঁসিকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেন। ফাঁসির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ওই দিন দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাবও পাস হয়। এ প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, পাকিস্তানের পার্লামেন্টে যে প্রস্তাব পাস করা হয়েছে, তা সম্পূর্ণ অন্যায়, অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক রীতিনীতির বরখেলাপ। পৃথিবীর কোনো বিচার ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দেশের সংসদও আলাপ করে না। অন্য একটি দেশের বিচারব্যবস্থা নিয়ে আলোচনা করা সম্পূর্ণ অন্যায়।
অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের প্রতি ১৯৭১ সালে পাকিস্তানিদের যে বিরূপ ও হিংস্র মনোভাব ছিল, সে মনোভাব পাল্টায়নি। পার্লামেন্টে প্রস্তাব পাস করে তারা প্রমাণ করেছে, কাদের মোল্লা তাদের দোসর।
কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক কোনো ফোরামে যাওয়ার সুযোগ আছে কি না বা যাবেন কি না—জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘এটা সরকারের বিষয়। একজন নাগরিক ও দেশের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আমি ওই প্রস্তাবের নিন্দা করছি। আমরা আশা করি, পাকিস্তানের নতুন প্রজন্ম ইতিহাস জেনে যাঁরা মৌলবাদীদের পক্ষে অবস্থান নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’