আইন নয়, নারীদের কাজের প্রধান বাধা পুরুষ কাউন্সিলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলররা জনকল্যাণে কিছু কাজ করতে পারলেও উন্নয়নমূলক কাজ তেমন করতে পারেন না। এ ক্ষেত্রে আইন নয়, সাধারণ পুরুষ ওয়ার্ড কাউন্সিলররাই প্রধান বাধা বলে মনে করেন ঢাকার সাবেক কয়েকজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সাবেক সংরক্ষিত কাউন্সিলররা বলেছেন, পুরুষ কাউন্সিলররা অলিখিত কিছু নিয়ম করেন। এ ছাড়া নিজেদের দায়িত্বের পরিধি সম্পর্কে সংরক্ষিত কাউন্সিলরদের অসচেতনতাও কাজের বৈষম্যের ক্ষেত্রে ভূমিকা রাখে।
২০০৪ সালে হাইকোর্ট বলেছিলেন, সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন করলেও নির্বাচনের পর সংরক্ষিত নারী কাউন্সিলরদের সঙ্গে কোনো বৈষম্য করা যাবে না। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এ সাধারণ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে কোনো বৈষম্যের উল্লেখ নেই। সাধারণ কাউন্সিলরদের একটি ওয়ার্ড থেকে এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের তিনটি ওয়ার্ড থেকে নির্বাচিত হওয়ার পদ্ধতিকেও বৈষম্যমূলক মনে করেন অনেকে।
সাবেক সংরক্ষিত কাউন্সিলরদের অনেকে সংরক্ষিত ব্যবস্থার অবসান চান। তাঁদের মতে, সংরক্ষিত পদ আছে বলে অনেক নারী সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় যেতে চান না। এ ছাড়া দল থেকেও সংরক্ষিত পদে নির্বাচন করতে উৎসাহ বা চাপ দেওয়া হয়। এর পরও এবার সাবেক সংরক্ষিত কাউন্সিলরদের কয়েকজন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলররা ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৩ বছর পর আবার ঢাকায় সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। তবে ইতিমধ্যে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ-এ দুই ভাগে বিভক্ত হয়েছে। সাবেক সংরক্ষিত কাউন্সিলররা বলছেন, এবার যাঁরা সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হবেন, তাঁদের যেন আর বৈষম্যের শিকার হতে না হয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এ বলা আছে, মেয়র ও কাউন্সিলররা নির্ধারিত হারে করপোরেশনের তহবিল থেকে মাসিক সম্মানী ও অন্যান্য সুবিধা পাবেন। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের দায়িত্ব ও কার্যাবলি বিধি দ্বারা নির্ধারিত হবে। বৈষম্য কি এমন কারণে—এ প্রশ্নে একাধিক সাবেক সংরক্ষিত কাউন্সিলর বলেন, আইনে কোনো বৈষম্য নেই। তবে বিষয়টি মনমানসিকতার। নারী-পুরুষের বৈষম্যের ব্যাপার।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘জাতীয় সংসদে সংরক্ষিত আসন একটু বেশি অালংকারিক। সিটি করপোরেশনেও সংরক্ষিত কাউন্সিলর পদটি অালংকারিক, তফাৎ শুধু এই নারীরা নির্বাচিত হয়ে আসছেন। সিটি করপোরেশনে নারীদের জন্য এখন যে পদ্ধতিতে আসন সংরক্ষণ করা হচ্ছে, সেই সংরক্ষণ পদ্ধতিই বৈষম্যপূর্ণ ও ত্রুটিপূর্ণ। একজন পুরুষকে (সাধারণ কাউন্সিলর) যদি একটি ওয়ার্ডের দায়িত্ব পালন করতে হয়, তবে সংরক্ষিত নারী কাউন্সিলরকে কেন তিনটি ওয়ার্ডের দায়িত্ব পালন করতে হবে? এ ধরনের বৈষম্য থাকলে যতই আইন, বিধি করা হোক না কেন, তা কোনো কাজে লাগবে না।’
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘নারীদের জন্য সংরক্ষিত ব্যবস্থার মাধ্যমে নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। নারীদের দৃশ্যমান করা হচ্ছে। এ ধরনের উদ্যোগকে বলা হয় ইতিবাচক বৈষম্য। তবে এ ব্যবস্থা স্থায়ী কোনো ব্যবস্থা নয়। এ ধরনের ব্যবস্থা অনন্তকাল চললে বুঝতে হবে নারীর ক্ষমতায়ন হয়নি।’ তাঁর মতে, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে মূল দ্বন্দ্ব দ্বৈত শাসন নিয়ে। তাই সাধারণ কাউন্সিলর পদে পুরুষের জায়গায় নারী হলেও দ্বন্দ্ব থাকবেই।
কয়েকজন সাবেক কাউন্সিলর যা বলেন: সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর রোকেয়া সুলতানা অভিজ্ঞতা থেকে বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর প্রথম দিকটা অধিকার অর্জনে আন্দোলন করেই পার হয়। শেষের দিকে কিছু কাজ করতে পারি। শেষের দিকে বাৎসরিক উন্নয়ন বাজেটের এক-তৃতীয়াংশ ব্যবহার করতে পারতাম।’
বিএনপির সমর্থক রোকেয়া সুলতানা বলেন, নামেই সংরক্ষিত। নির্বাচন করেই নারীদের জয়ী হতে হচ্ছে। অথচ সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরের মধ্যে বৈষম্য করা হয়।
বিএনপির সমর্থক শিরিন জাহানও গতবার সংরক্ষিত কাউন্সিলর ছিলেন। এবারও একই পদে নির্বাচন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত নয় বছর কাজ করতে গিয়ে বিভিন্ন বৈষম্যের কথা বলতে বলতে হয়রান হয়ে গেছি। ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে এলাকায় পানির পাম্প বসাতে পেরেছিলাম। ড্রেন পরিষ্কার করি। কিন্তু উন্নয়ন বাজেটের মাত্র ২০ শতাংশ কাজ করতে পারতাম। এটা সবচেয়ে বড় বৈষম্য। আমরা তিনটি ওয়ার্ডে কাজ করি, কমপক্ষে বাজেটের ৬০ শতাংশ বরাদ্দ পাওয়ার কথা। বিচার করতে পারি না আমরা। এ ছাড়া অন্য অনেক বিষয়েও আমাদের সম্পৃক্ত করা হয় না।’ তিনি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি বৈষম্য নিরসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
বিএনপির সমর্থক সাবেক সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া আলম বলেন, ‘কাজ আর কী করব? কাজ করার জন্য পঙ্ক্ষীর মতন খালি ঘুরছি। আইনে বাধা নেই, তবে তার পরও রাস্তাঘাট বা উন্নয়নের কাজ আমাদের দেওয়া হয়নি। অফিস খরচ, যাতায়াত ইত্যাদি কাজে খরচ অনেক। নিজের পকেট থেকে দিতে হতো বলে স্বামী কথা শোনাতেন। জনগণ আমার কাছে এলে তা পুরুষ কাউন্সিলর সহ্য করতে পারতেন না। সরাসরি বলতেন, ওঁর কাছে কেন?’ তিনি এবার সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।
১৯৯৫ সাল থেকে ২০০২, আবার ২০০২ থেকে ২০১১ পর্যন্ত দুই মেয়াদে সংরক্ষিত কাউন্সিলর ছিলেন মাহমুদা বেগম। এবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন। তিনি বলেন, আগে ছিল সংরক্ষিত পদে নারীর সঙ্গে নারীর সংগ্রাম। আর এবার নির্বাচনে জিততে বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ মোট আটজন পুরুষ প্রার্থীর সঙ্গে সংগ্রাম করতে হবে।
মাহমুদা বেগম বলেন, ‘একটা সময় পর্যন্ত সংরক্ষিত কাউন্সিলরের প্রয়োজন ছিল। এখন আর প্রয়োজন নেই বলেই আমার মনে হয়। এ ছাড়া সংরক্ষিত পদ নারীর ক্ষমতায়নের চেয়ে সমস্যাই বেশি করে। এখন নারীরা সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করতে চাইলে দল থেকে প্রথমেই বলা হয়, নারীদের এ পদে নির্বাচন করার কী দরকার। এই সিস্টেম না থাকলে তখন আর এ ধরনের কথা বলতে পারবে না।’
স্থানীয় সরকারের সংরক্ষিত জনপ্রতিনিধিদের বৈষম্য কমাতে দীর্ঘদিন ধরে কাজ করছে খান ফাউন্ডেশন। খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকার বলেন, সাধারণ ও সংরক্ষিত পদে আইনে কোনো বৈষম্য নেই। সাধারণ পুরুষ কাউন্সিলর নিজের পছন্দের লোকদের মধ্যে কাজ ভাগ করে দেন। সংরক্ষিত নারী কাউন্সিলরদের কাজ না দেওয়ার জন্য নিজেরাই আইন বানিয়ে ফেলেন। এ ক্ষেত্রে সংরক্ষিত নারী কাউন্সিলরদের সচেতনতা বিশেষ জরুরি। তাঁরা সচেতন হলেই তাঁদের প্রতি বৈষম্য হলে বুঝতে পারবেন এবং প্রতিবাদ করতে পারবেন।
২০০৪ সালের ১৬ আগস্ট হাইকোর্ট বলেছিলেন, সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচনে অংশ নিলেও নির্বাচনের পর তাঁদের সঙ্গে কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে। সংবিধানের বিধানের সঙ্গে অসংগতিপূর্ণ বৈষম্যমূলক কোনো নির্দেশনা সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দিতে পারে না।
খুলনা সিটি করপোরেশনের সাধারণ এবং সংরক্ষিত কমিশনারদের (বর্তমানে কাউন্সিলর) দায়িত্ব ও কর্তব্য-সম্পর্কিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রে বৈষম্যমূলক অংশ চ্যালেঞ্জ করে ১০ নারী কমিশনারের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ কথা বলেছিলেন। আদালত বলেছিলেন, নির্বাচন হয়ে যাওয়ার পর কমিশনারদের মধ্যে কোনো বিভাজন করা যাবে না।