আইন পেশা শুধু টাকা আয় করার জন্য না: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সব ধর্মেই কিছু খারাপ লোক আছে। তারা সমাজের ভালো মানুষদের হত্যা করে, অশুভ কাজগুলো করে। তিনি প্রশ্ন তুলে বলেন, অশুভ কাজের এত শক্তি পায় কোথায়?
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী পরিষদ ২০১৫-এর উদ্যোগে আয়োজিত ‘বিজয়া পুনর্মিলনী’ অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ সফিউর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইনজীবীদের সহযোগিতা ছাড়া সমাজ থেকে কোনো দিনই অন্যায় দূর করা যাবে না উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সম্মানিত আইনজীবীদের কিছু দায়িত্ব আছে। বার কাউন্সিলের যে বিধানগুলো আছে, সেগুলো মানা হয় না। প্রধান বিচারপতি আরও বলেন, আইন পেশা শুধু টাকা আয় করার জন্য না। গরিব ও বঞ্চিত মানুষের এবং পুরোনো মামলাগুলো নিষ্পত্তি করতে হবে।
দেশের কয়েকটি নিম্ন আদালতের উদাহরণ তুলে ধরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সুনামগঞ্জে একজন নারী বিচারক কিছু পুরোনো মামলা নিষ্পত্তি করার জন্য বলেছেন, অমনি আইনজীবীরা তাঁর আদালত বর্জন করছেন। আরেক আদালতে একজন বিচারক আইনজীবীকে বললেন, তাঁর নির্ধারিত পোশাক ঠিক হয়নি। আরেক জায়গায় বিচারক বললেন, মামলায় মুলতবি দেবেন না। অমনি আদালত বর্জন শুরু হলো।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, বিচার বিভাগকে সমুন্নত রাখতে হবে। বিচার বিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তাহলে সমাজে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।