আইন পেশার মর্যাদা সমুন্নত রাখতে প্রধান বিচারপতির আহ্বান
‘বিচার স্বর্গীয় বিষয়। রাষ্ট্রীয় কাঠামোতে বিচার দিতে পারেন বিচারক, আইনজীবী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই অধ্যবসায়, কঠোর পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষা, সততা, নিষ্ঠা দিয়ে আইন ও বিচারাঙ্গনকে আলোকিত করতে হবে এ পেশার লোকদের। তাঁদের অবশ্যই আইন পেশার মর্যাদা সমুন্নত রাখতে হবে।’গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বাংলাদেশ বার কাউন্সিল আয়োজিত আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে ফজলুল করিম নবীন আইনজীবীদের উদ্দেশে বলেন, আইন পেশা চমত্কার ও মহত্ পেশা। অন্য কোনো পেশার ব্যক্তিদের ‘বিজ্ঞ’ বলা হয় না। যাঁরা আইন পেশায় নিয়োজিত তাঁদের বিজ্ঞ বলা হয়। এর যথার্থতা আপনাদের প্রমাণ করতে হবে। এ জন্য প্রচুর পড়ার কোনো বিকল্প নেই। প্রধান বিচারপতি বলেন, পেশাকে ব্রত হিসেবে আত্মসন্তুষ্টির জন্য গ্রহণ করুন, অর্থ উপার্জনের বাহন হিসেবে নয়।বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, আইন পেশা দুটি কারণে মহত্ পেশা—এক. স্বাধীন পেশা, দুই. অবসর গ্রহণের সময়সীমা নেই। অন্য পেশায় তোষামোদ করতে হয়, উচিত কথা বলা যায় না। কিন্তু আইন পেশায় স্বাধীনতা রয়েছে। এ পেশায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সম্মান বাড়তে থাকে। এ ক্ষেত্রে সততা ও নিষ্ঠা থাকবে হবে। নিজেদের সামান্য লাভের আশায় কিছু লোক পেশার বদনাম করে ফেলেছেন। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে নবীন আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে মাহ্বুবে আলম বলেন, ‘বার কাউন্সিল আপনাদের সঙ্গে রয়েছে।’এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মো. আবদুল মতিনের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এম আমীর-উল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ রেজাউর রহমান ও মো. ইস্রাফিল। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ছাড়াও বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য পরিমল চন্দ্র গুহ ও সদস্য বদরুল ইসলাম উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদান শেষে প্রধান বিচারপতি নবীন আইনজীবীদের হাতে সনদ তুলে দেন। গতকাল এক হাজার ৭২ জনকে আইন পেশার সনদ তুলে দেওয়া হয়।