আইন পেশায় যোগ দিতে ঢাকায় চলে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগ করে গত শনিবার ঢাকায় চলে গেলেন চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুর রহমান। তিনি আর বিচারালয়ে ফিরে আসবেন না বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রকে জানিয়েছেন। উচ্চ আদালতে আইন পেশায় তিনি আবার যোগ দেবেন।জ্যেষ্ঠ বিচারক এ বি এম নিজামুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তিনি গত ১৮ সেপ্টেম্বর আবদুর রহমান পদত্যাগ করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে তাঁর পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়। গত সপ্তাহে এই চিঠিটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। গত শনিবার ঢাকায় যাওয়ার আগে তিনি দ্বিতীয় দফা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে আরেকটি চিঠি দেন, যেখানে বিচারক হিসেবে তিনি থাকতে আর আগ্রহী নন বলে জানা গেছে। চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির এক নেতার জামিনের ঘটনাকে কেন্দ্র করে তত্কালীন মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ বি এম নিজামুল হকের সঙ্গে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুর রহমানের বিরোধের সূত্রপাত। এই বিরোধে চট্টগ্রাম আইনজীবী সমিতি শুরু থেকে আবদুর রহমানের পক্ষে ছিলেন। তত্কালীন সিএমএম নিজামুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তাঁকে সরিয়ে দেওয়ার আন্দোলন শুরু করে আইনজীবী সমিতি। সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় তাঁদের দুজনকে একই সঙ্গে বদলির আদেশ দেন। ইতিমধ্যে তত্কালীন সিএমএম নিজামুল হক চট্টগ্রাম থেকে বদলি নিয়ে নতুন কর্মস্থলে চলে যান। আর আবদুর রহমান দায়িত্ব হস্তান্তর না করে অনেকটা অভিমান ও ক্ষোভ থেকে পদত্যাগপত্র জমা দেন।আবদুর রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, বিচারালয়ে ফিরে আসার তাঁর কোনো সম্ভাবনা নেই। তিনি ঢাকা হাইকোর্টে আইন পেশায় যোগ দেবেন। বিচারক হওয়ার আগে তিনি এই পেশায় ছিলেন। এই সপ্তাহে আরেকবার তিনি চট্টগ্রামে এসে বেতন-ভাতা তুলে নেবেন। চাকরিজীবনে এটি তাঁর সর্বশেষ বেতন উত্তোলন হতে পারে।আবদুর রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর আবদুর রহমান চট্টগ্রাম আদালত ভবনে নিজের পুরোনো এজলাসে প্রবেশে বাধা পান। আদালতের কর্মচারীরা ওই এজলাসকক্ষে তালা লাগিয়ে দেন।