আইন প্রণয়ন-প্রক্রিয়ায় নারী সাংসদদের দায়িত্ব ‘হ্যাঁ’ বলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের একজন সাংসদ বলেছেন, ‘সংসদে যখন বিল পাস হয় এবং আইনে পরিণত হয়, তখন তা নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয় না। বিলটি আমাদের সামনে পড়া হয়, আমরা তা শুনি এবং পাস করার সম্মতি দিই।’সংসদে নারী সাংসদদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণবিষয়ক এক গবেষণায় অংশ নিয়ে ওই সাংসদ এসব কথা বলেছেন। গবেষণায় অংশ নেওয়া বেশির ভাগ নারী সাংসদ জানিয়েছেন, তাঁরা আইন প্রণয়ন-প্রক্রিয়া পুরোপুরি বোঝেন না। তাঁদের দলের সিদ্ধান্তই মানতে হয়, নিজস্ব মতামত প্রকাশের সুযোগ নেই বললেই চলে। এমনকি নারী স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও দলের কথা চিন্তা করেই মত দিতে হয়।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ওই গবেষণার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ‘উইমেন ইন পার্লামেন্ট: প্রসেস অ্যান্ড এক্সটেন্ট অব পার্টিসিপেশন অ্যান্ড স্কোপ ফর স্ট্রেন্থদেনিং দেয়ার রোল’ শীর্ষক গবেষণাটি করেছে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার। এশিয়া ফাউন্ডেশনের প্রমোটিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড প্র্যাকটিসেস (পিআরওডিআইপি) কর্মসূচির আওতায় গবেষণাটি করা হয়েছে। এ কর্মসূচিতে সহায়তা দিচ্ছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)।গবেষণা অনুযায়ী, নারী সাংসদদের অনাগ্রহ বা নির্লিপ্ততা নয়, দলের শীর্ষ নেতৃত্ব এবং অধিকাংশ ক্ষেত্রে পুরুষেরাই তাঁদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখেন।গতকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রওশন আরা। গবেষণার ফলাফল পড়ে শোনান গবেষণা দলের সদস্য এস কে আলী আহমেদ। গবেষণাকাজে নেতৃত্ব দিয়েছেন অর্থনীতিবিদ আবুল বারকাত। তিনি বলেন, ‘জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্বের দিক থেকে যুক্তরাষ্ট্র বা জাপানের চেয়েও বাংলাদেশের অবস্থান ভালো। তবে প্রতিনিধিত্ব আর সক্রিয় অংশগ্রহণ এক কথা নয়। কেননা, আমাদের নারী সাংসদেরা অনেক কিছুই করতে বা বলতে পারছেন না। সংসদে কোরাম পূরণের জন্যই তাঁদের ডাক পড়ে।’আবুল বারকাত আরও বলেন, নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া সংসদের প্রক্রিয়া বুঝতে বুঝতেই সময় চলে যাচ্ছে নারীসহ সব সাংসদের। তাই সাংসদেরা এক বছরেই যাতে প্রক্রিয়া বুঝতে পারেন, সে ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বর্তমানে সংরক্ষিত ও নির্বাচিত মিলিয়ে জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্বের হার ২০ শতাংশ। গবেষণায় নির্বাচিত এবং সংরক্ষিত আসনের ২৬ জন সাংসদ এবং ৪৩ জন মূল তথ্যদাতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। মূল তথ্যদাতাদের মধ্যে আইন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সাক্ষাৎকার নেওয়া হয়।গবেষণায় দেখা গেছে, সংসদীয় স্থায়ী কমিটিতে নারী সাংসদদের প্রতিনিধিত্ব এখনো অনেক কম। ৫০টি স্থায়ী কমিটিতে নারী আছেন মাত্র ৮৩ জন। মাত্র তিনটি কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করছেন নারীরা। আর স্বাস্থ্য মন্ত্রণালয়সহ চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটিতে নারীদের প্রতিনিধিত্ব নেই।অন্যদিকে নবম সংসদের ১৩তম অধিবেশন পর্যন্ত ১৭৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে মাত্র ১৯টি বিল নারী সাংসদেরা উত্থাপন করেছেন। গবেষণায় অংশ নেওয়া একজন নারী সাংসদ বলেছেন, ‘সংরক্ষিত নারী আসনের সদস্যরা বেসরকারি বিল উত্থাপন করলে ধরে নেওয়া হয় “পড়া” হয়েছে এবং পরে বাতিল করা হয়।’ গবেষণায় ৫০টি সংরক্ষিত নারী আসনের সাংসদদের জন্য কোনো সুনির্দিষ্ট নির্বাচনী এলাকা না থাকার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।গতকালের অনুষ্ঠানে উপস্থিত সাংসদ নিলুফার চৌধুরী বলেন, ‘পয়েন্ট অব অর্ডারে দাঁড়াতে পারি না। হুইপও নারীদের দাঁড়াতে দেখে খানিকটা কুণ্ঠিত হন। সংসদে নারীদের মধ্যে কে বেশি ঝগড়া করতে পারে, সে ব্যাপারেই বেশি উৎসাহিত করা হয়।’আর সাংসদ রুমানা মাহমুদ বলেন, ‘গৃহবধূ থেকে সাংসদ হয়েছি। সংসদে গিয়ে সাংসদদের আচরণ দেখে আমি লজ্জিত। সংসদের আচরণবিধিকে কঠোর করতে হবে।’অনুষ্ঠানে পিআরওডিআইপি প্রকল্পের চিফ অব পার্টি রাসেল পেপে, এই প্রকল্পের বিশেষজ্ঞ কাজী মারুফুল ইসলাম আলোচনায় অংশ নেন। গবেষণার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন অধ্যাপক রওনক জাহান, নারীনেত্রী তালেয়া রেহমান প্রমুখ।