আইন প্রণয়নে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন প্রণয়নের ক্ষেত্রে এর সঙ্গে সম্পৃক্ত বিশেষজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ করার সুপারিশ করেছে সড়ক নিরাপত্তা-বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার গ্রুপ। সড়ক ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এই সুপারিশ করে।
গতকাল শনিবার জাতীয় সংসদের সংসদ সদস্য ক্লাবে ব্র্যাক এই মতবিনিময় সভার আয়োজন করে। মাল্টি স্টেকহোল্ডার গ্রুপের নেতৃত্ব দেন এর আহ্বায়ক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
সম্প্রতি মন্ত্রিসভা সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন করেছে। মাল্টি স্টেকহোল্ডার গ্রুপ প্রস্তাবিত আইনটির বেশ কয়েকটি ধারা সংশোধনের সুপারিশ করেছে।
হোসেন জিল্লুর রহমান বলেন, যেকোনো দুর্ঘটনার পর এর কারণ অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানের জন্য একটি বৈজ্ঞানিক রূপরেখা তৈরি করতে হবে। ফরেনসিক ল্যাবরেটরি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকতে হবে। প্রস্তাবিত আইনে এসব বিষয়ের উল্লেখ নেই।
সংসদীয় কমিটির সভাপতি একাব্বর হোসেন বলেন, প্রস্তাবিত আইনটি এখনো সংসদে উত্থাপিত হয়নি। উত্থাপিত হলে সংসদীয় কমিটি অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে প্রতিবেদন তৈরি করবে।
বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার বলেন, প্রস্তাবিত আইন যুগোপযোগী নয়। এমন আইন করতে হবে, যা আগামী ২০-৩০ বছর পর্যন্ত কাজে লাগবে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘আমলাতান্ত্রিক আইন হলে সেটা কখনো মানুষের কাজে লাগবে না। এমন আইন চাই যাতে বাংলাদেশ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) স্বাধীনভাবে কাজ করতে পারে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদীয় কমিটির সদস্য এম এ আউয়াল, নাজমুল হক প্রধান, বিআরটিএর সচিব শওকত আলী প্রমুখ।