আইন প্রণয়নের নির্দেশ কেন নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স্ক মা-বাবার ভরণপোষণে সন্তানেরা যেন বাধ্য থাকে, তা নিশ্চিত করতে প্রয়োজনে আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার এ রুল জারি করেন। আইন, সমাজকল্যাণ ও স্বরাষ্ট্রসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।সন্তানেরা যাতে তাদের বয়স্ক মা-বাবার ভরণপোষণ করে, সে বিষয়ে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সভাপতি খতিব আবদুল জাহিদ মুকুল গত মঙ্গলবার রিট আবেদনটি করেন। আবেদনের ওপর গতকাল শুনানি হয়। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ফরিদুজ্জামান ফরহাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।পরে ফরিদুজ্জামান ফরহাদ প্রথম আলোকে বলেন, সন্তান যেন বয়স্ক মা-বাবাদের ভরণপোষণ করে, সে জন্য আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। বয়স্ক মা-বাবার ভরণপোষণে সন্তানেরা যেন বাধ্য থাকে, তা নিশ্চিত করতে প্রয়োজনে আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।